সাভারে ট্যানারি স্থানান্তরে অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারীবাগের সব ট্যানারি সাভারের চামড়া শিল্পনগরে স্থানান্তরের প্রক্রিয়ায় কোনো অগ্রগতি হয়নি। বছর তিনেক আগে ট্যানারির মালিকদের শিল্পনগরে প্লট বরাদ্দ দেওয়া হলেও কারখানা স্থানান্তরে তাঁদের তেমন আগ্রহ নেই। এ বিষয়ে কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না।চামড়া শিল্পনগর প্রকল্পের বাস্তবায়নকারী কর্তৃপক্ষ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা—বিসিক ও শিল্প মন্ত্রণালয়ের অভিযোগ, চামড়া ব্যবসায়ীরা সাভারে যেতে চান না। আর ব্যবসায়ীদের অভিযোগ, এখনো কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) নির্মাণ করতে পারেনি সরকার। এটা না হলে সাভারে গিয়ে কোনো লাভ নেই। তা ছাড়া হাজারীবাগে ব্যাংক ঋণ নিয়ে তাঁরা কারখানা নির্মাণ ও ট্যানারির যন্ত্রপাতি স্থাপন করেছেন। এখন সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত সাভারে যেতে রাজি নন ব্যবসায়ীরা।এ অবস্থায় বিসিক বলছে, সিইটিপি নির্মাণকাজ অনেকদূর এগিয়েছে। কাজেই এখনই সেখানে ট্যানারি স্থানান্তর প্রক্রিয়া শুরু করতে হবে। তা না হলে সিইটিপি নির্মাণ হওয়ার পর ট্যানারি স্থানান্তর করতে বেশ সময় লেগে যাবে।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রথম আলোকে বলেন, যেকোনো মূল্যে নির্ধারিত সময়ের মধ্যেই সিইটিপি নির্মাণ শেষ হবে। তারপর দ্রুত সেখানে ট্যানারি স্থানান্তর করা হবে। তিনি বলেন, প্রয়োজনে ট্যানারির মালিকদের সাভারে যেতে বাধ্য করা হবে। এ জন্য বিসিককে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।২০০৩ সালের ১৬ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) ‘চামড়া শিল্পনগর—সাভার, ঢাকা’ নামের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। কাছাকাছি সময় পরিবেশদূষণ ঠেকাতে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতও হাজারীবাগ থেকে দ্রুত ট্যানারি সাভারে স্থানান্তর করতে সরকারকে সময় বেঁধে দেয়। এর পর বেশ কয়েক দফা সময় নেয় শিল্প মন্ত্রণালয়।সাভারের হেমায়েতপুরের হরিণধরা গ্রামে ধলেশ্বরী নদীর পাড়ে ২০০ একর জায়গাজুড়ে চামড়া শিল্পনগর গড়ে তোলা হয়েছে। প্রকল্পের ব্যয় প্রায় ৫৪৬ কোটি টাকা। শিল্পনগরে ২০৫টি প্লটে ১৫৫টি কারখানা স্থাপন করা হবে। এসব প্লট বরাদ্দও দেওয়া হয়েছে। ইতিমধ্যে সিইটিপি ছাড়া সব অবকাঠামো প্রস্তুত করা হয়েছে।দীর্ঘসূত্রতার আশঙ্কা: ট্যানারির মালিকেরা বলছেন, চামড়া শিল্পনগরে সিইটিপি নির্মাণ করা না হলে ট্যানারি স্থানান্তর করা সম্ভব নয়। তা ছাড়া কারখানার মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি।বিসিকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সিইটিপি নির্মাণ শেষ হতে ২৪ মাস সময় লাগবে। এরই মধ্যে ব্যবসায়ীরা ট্যানারি স্থানান্তর প্রক্রিয়া শুরু না করলে সিইটিপি নির্মাণ করা হলেও কোনো লাভ হবে না। বরং ট্যানারি স্থানান্তর দীর্ঘসূত্রতায় পড়তে পারে।জানতে চাইলে বাংলাদেশ প্রক্রিয়াজাত চামড়া, চামড়াপণ্য ও জুতা রপ্তানিকারক সমিতির (বিএফএলএলএফইএ) সভাপতি বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তর করতে আমাদের ছয় থেকে নয় মাস লাগবে। বড় ট্যানারি স্থানান্তর করতে হয়তো আরেকটু বেশি সময় লাগতে পারে। সিইপিটির কাজ ৭০ শতাংশ হয়ে গেলেই আমরা ট্যানারি স্থানান্তরের কাজ শুরু করব।’তবে তাঁরা প্লটের আয়তন ও পরিমাণ নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি ৬০ শতাংশ প্লটই ৩০ হাজার বর্গফুটের কম আয়তনের। অথচ পরিবেশসম্মত ট্যানারি করতে অন্তত ৪০ হাজার বর্গফুট জায়গা লাগে। আবার হাজারীবাগে ২০৭টি ট্যানারি থাকলেও শিল্পনগরে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে ১৫৫ জনকে। অনেকেই সাভারে যেতে চায়, কিন্তু প্লট পায়নি। ক্ষতিপূরণ: শিল্পনগরে ট্যানারি স্থানান্তরে ব্যবসায়ীরা ২০০৩ সালে সরকারের কাছে এক হাজার ৮৯ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে। এর পরিপ্রেক্ষিতে ২০০৬ সালে সে সময়ের শিল্পসচিবের নেতৃত্বে গঠিত কমিটি ট্যানারির মালিকদের ২৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করে।ক্ষতিপূরণসহ অন্যান্য দাবি-দাওয়া নিয়ে নিয়মিতই ট্যানারির মালিকদের সঙ্গে সভা করে শিল্প মন্ত্রণালয়। কিন্তু ছয় বছরেও এর সুরাহা হয়নি। আর ট্যানারির মালিকেরাও ক্ষতিপূরণ না দেওয়ার বিষয়টিকেই সাভারে যেতে গড়িমসি করার অজুহাত হিসেবে বেছে নেন। তাঁদের দাবি, তিন হাজার কোটি টাকার ক্ষতিপূরণ। আর মন্ত্রণালয়ের হিসাব মেনে নিলেও এখন অন্তত ৭৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই টাকা না পেলে তাঁরা ট্যানারি স্থানান্তর করতে পারবেন না বলেও জানিয়েছেন।বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাবেক সভাপতি শাহীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ব্যবসায়ীরা ভালো পরিবেশে পণ্য উৎপাদন করতে সাভারে চামড়া শিল্পনগরে যেতে ইচ্ছুক। সে কারণে প্লটের জন্য অগ্রিম টাকাও দিয়েছে। কিন্তু ট্যানারি স্থানান্তরের সময় অনেক যন্ত্রপাতিই অকেজো হয়ে যাবে। এগুলো নতুন করে স্থাপন করতে হবে। ক্ষতিপূরণ ছাড়া এসব করা সম্ভব না।’শিল্প মন্ত্রণালয়ে গত মঙ্গলবার বিএফএলএলএফইএর সঙ্গে বৈঠক করেছে। বৈঠক সূত্র জানায়, ক্ষতিপূরণের অর্থছাড়ের বিষয়ে শিগগিরই অর্থ মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। শিল্পমন্ত্রীর ফাঁকা বুলি: কয়েক মাস ধরেই শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সভা-সেমিনারে বলে আসছেন, আগামী বছরের (২০১৩) জুনের মধ্যে শিল্পনগরের সিইটিপি নির্মাণ শেষ হয়ে যাবে।তবে মন্ত্রীর এ বক্তব্য যে ফাঁকা বুলি তা স্পষ্ট হয় বিসিকের কর্মকর্তাদের বক্তব্যে। বিসিক বলছে, আদালতের রায়ে সর্বনিম্ন দরদাতাসংক্রান্ত জটিলতা শেষ হওয়ার পর গত ১১ মার্চ সিইটিপি নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। ১৮ মাসে তাদের কাজ শেষ হবে। আরও ছয় মাস ধরে চলবে অনুষঙ্গিক আরও কিছু কাজ ও পরীক্ষা-নিরীক্ষা। সব মিলিয়ে সময় লাগবে ২৪ মাস। অর্থাৎ সিইটিপির নির্মাণকাজ শেষ হবে ২০১৪ সালের মার্চে।বিসিকের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আগামী জুনের মধ্যে সিইটিপি নির্মাণ কোনোভাবেই শেষ করা সম্ভব না।