সাভারে ট্যানারিশিল্প স্থানান্তরে সম্মতি মালিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারে স্থাপিত পরিবেশবান্ধব চামড়াশিল্প নগরে হাজারীবাগের ট্যানারিশিল্প স্থানান্তরে সম্মত হয়েছেন ট্যানারিশিল্প মালিকেরা। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সংগঠনগুলো বিসিকের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে।

আজ বৃহস্পতিবার চামড়া প্রযুক্তির ওপর আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক মেলা ‘লেদারটেক বাংলাদেশ-২০১৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ট্যানারিশিল্প মালিকদের পক্ষ থেকে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) নবনির্বাচিত সভাপতি আবু তাহের এ সম্মতির কথা জানান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করা হয়। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেলার আয়োজক প্রতিষ্ঠান এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের পরিচালক নন্দ কুমার গোপাল। এতে আরও বক্তব্য দেন বিএফএলএলএফইএর সহসভাপতি নাসির খান, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক আবদুল হাই, ভিপিন শেঠ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দিলীপ বড়ুয়া বলেন, মহাজোট সরকার সবুজ শিল্পায়ন ও সবুজ পণ্য উত্পাদনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে যাচ্ছে। পরিবেশবান্ধব চামড়াশিল্পের জন্য সরকার এক হাজার ৭৮ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে সাভারে চামড়াশিল্প নগর গড়ে তুলছে। সাভারে ট্যানারিশিল্প স্থানান্তর হলে হাজারীবাগে গড়ে ওঠা ট্যানারির বর্জ্যদূষণ থেকে রাজধানীবাসীকে রক্ষা করা সম্ভব হবে। তিনি জাতীয় স্বার্থে ট্যানারি স্থানান্তরে এ শিল্পের সঙ্গে জড়িত সব সংগঠন ও উদ্যোক্তাদের আন্তরিক সহায়তা কামনা করেন।

প্রসঙ্গত, তিন দিনব্যাপী এ মেলায় বাংলাদেশ, ভারত, চীন, কোরিয়া, হংকং, তুরস্ক, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, জাপান, ইতালিসহ ১০টি দেশের প্রায় ১০০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠান চামড়াশিল্পে ব্যবহূত আধুনিক যন্ত্রপাতি, কেমিক্যাল, এক্সেসরিজ এবং এ খাতে উদ্ভাবিত সর্বাধুনিক প্রযুক্তি প্রদর্শন করছে। প্রথমবারের মতো আয়োজিত এ মেলা দেশের চামড়াশিল্পে আধুনিক প্রযুক্তি হস্তান্তরের সুযোগ সৃষ্টি করবে বলে আয়োজকেরা আশা করছেন। শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।