
চামড়া প্রক্রিয়াকরণ কারখানা বা ট্যানারির শ্রমিকেরা মনে করেন, হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের কারণে তাঁদের কাজের পরিবেশ আগের চেয়ে ভালো হয়েছে। সেখানে হাজারীবাগের মতো দুর্গন্ধ নেই, বায়ুর মানও তুলনামূলকভাবে ভালো। তবে সাভারে বাসস্থান, চিকিৎসা, শিক্ষার মতো মৌলিক অধিকারের বিষয়গুলো নিশ্চিত করা হয়নি। হাজারীবাগ থেকে সেখানে যাতায়াতে কারখানাগুলো কোনো উদ্যোগ না নেওয়ায় শ্রমিকদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ। শ্রমিকেরা এসব মৌলিক সমস্যার সমাধান চান।
রাজধানীর বনানীতে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) আয়োজনে ‘হাজারীবাগের ট্যানারির সম্পূর্ণ মূল্যায়ন’ শীর্ষক এক গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) সভাকক্ষে গতকাল সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন সানেমের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক বজলুল হক খন্দকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিআরআইয়ের চেয়ারম্যান জায়েদি সাত্তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান এম আবু ইউসুফ অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন।
গবেষণার তথ্য সংগ্রহে গত মে ও জুনে দুটি জরিপ করা হয় ঢাকার হাজারীবাগে, আর সর্বশেষ জরিপটি করা হয় সাভারে। তিনটি জরিপে সব মিলিয়ে ৬০০-এর বেশি শ্রমিকের মতামত নেওয়া হয়েছে।
গবেষণার তথ্য বলছে, গত মে মাসে হাজারীবাগে চামড়া প্রক্রিয়াকরণ বন্ধ হয়ে যাওয়ার পর মাত্র ৫ শতাংশ শ্রমিক ক্ষতিপূরণ পেয়েছেন। ক্ষতিপূরণ পাওয়া শ্রমিকদের বেশির ভাগ বড় ট্যানারিতে কাজ করতেন ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে যুক্ত। বেতন না পাওয়া সিংহভাগ শ্রমিক চুক্তিভিত্তিক কাজ করতেন; এদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ শিশুশ্রমিক। তবে বেশির ভাগ শ্রমিকই মে মাস পর্যন্ত বেতন পেয়েছেন বলে জানান।
জরিপে অংশ নেওয়া ৯২ শতাংশ শ্রমিক মনে করেন, সাভারে ট্যানারি স্থানান্তরের ফলে তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। শ্রমিকেরা বলেছেন, এর ফলে তাঁদের আয় কমেছে, বাসস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন ঠিকানায় গিয়ে কোথায় চিকিৎসা করাবেন, ছেলেমেয়েদের কোথায় পড়ালেখা করাবেন, যাতায়াত কীভাবে করবেন—এসব বিষয় নিয়েও শ্রমিকেরা নিজেদের উদ্বেগ জানিয়েছেন। এসব অনিশ্চয়তার জন্য ৫০ শতাংশ শ্রমিক হাজারীবাগ ছেড়ে সাভারে যাওয়ার সিদ্ধান্তে আসতে পারেননি।
কী পদক্ষেপ নিলে শ্রমিকেরা সাভারে যেতে আগ্রহী হবেন, এমন প্রশ্নে সবাই চামড়া শিল্পনগরে শ্রমিকদের জন্য বাসস্থান তৈরির পরামর্শ দেন। নতুন চামড়া শিল্পনগরে ছেলেমেয়েদের পড়ালেখার জন্য স্কুল প্রতিষ্ঠা ও চিত্তবিনোদনের ব্যবস্থা নিশ্চিতের সুপারিশ করেন। শ্রমিকেরা বলেছেন, হাজারীবাগ থেকে সাভারে একবার যেতে খরচ পড়ে ১১৬ টাকা, যা তাঁদের দৈনিক আয়ের ২৭ শতাংশ। এই খরচ কমানোর উদ্যোগ কারখানাগুলোকে নিতে হবে।
সাভারে চামড়া শিল্পনগরে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের (সিইটিপি) কাজ সম্পূর্ণ শেষ না হওয়ার বিষয়টিও গবেষণায় উঠে আসে। কোরবানির ঈদে চামড়া প্রক্রিয়াজাতকরণ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন আলোচকেরা। তাঁরা যত তাড়াতাড়ি সম্ভব সিইটিপির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দেন। আর বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের পারিশ্রমিক বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয় গবেষণায়।
জায়েদি সাত্তার বলেন, বর্তমানে চামড়াজাত পণ্য থেকে বাংলাদেশের রপ্তানি ১৫০ কোটি মার্কিন ডলার, তবে সক্ষমতা বিচার করলে এই রপ্তানি আয়ের পরিমাণ ৫০০ কোটি ডলার হতে পারে। চামড়া রপ্তানিতে সম্ভাবনা ও দক্ষতা রয়েছে, অভাব শুধু দক্ষ পরিবেশবান্ধব ব্যবস্থাপনা ও মানসম্মত টেকসই অবকাঠামোর।