সাভারে বিভিন্ন ব্যাংকের শাখা নিরাপত্তা ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশপাশে অবৈধ দোকানপাট ও মাদকাসক্তদের আনাগোনার পাশাপাশি প্রহরীর সংখ্যা কম থাকায় চরম নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের শাখা।
আর্থিক খাতে নিরাপত্তাবিষয়ক এক মতবিনিময় সভায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা এ কথা বলেন। ঢাকা জেলা পুলিশ গত রোববার রাতে সাভার মডেল থানা মিলনায়তনে এ সভার আয়োজন করে। সভায় সাভারে অবস্থিত বিভিন্ন ব্যাংকের অর্ধশতাধিক কর্মকর্তা ও ঢাকা জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত বিভিন্ন ব্যাংকের শাখাগুলোর সামনে ফুটপাতের ওপর দোকানপাট থাকায় গ্রাহকেরা ভোগান্তির শিকার হচ্ছেন। আমিনবাজার এলাকায় কয়েকটি ব্যাংকের নিচতলায় মাদকসেবীদের আস্তানা গড়ে উঠেছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম। তিনি বলেন, ব্যাংকের সার্বিক নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ব্যাংক ও এর আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা প্রয়োজন। ব্যাংক ভবনের আশপাশের ভবনগুলোর কক্ষে অবস্থানকারীদের তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা প্রহরীরা যেন সন্দেহভাজন কোনো ব্যক্তির সঙ্গে মেলামেশা না করেন সেদিকে খেয়াল রাখতে হবে।