সাভারে যেতে চান পোস্তার আড়তদারেরা
দীর্ঘ প্রচেষ্টায় হাজারীবাগ থেকে চামড়াশিল্প সাভারে স্থানান্তর করা হয়েছে। কিন্তু চামড়াশিল্পের অত্যাবশ্যকীয় ও প্রধান উপাদান কাঁচা চামড়ার মূল জোগানটা আসে লালবাগের পোস্তার যেই আড়তগুলো থেকে, সেগুলো সরিয়ে নেওয়ার জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই।
বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুসারে, পোস্তার ২৫৪টি চামড়ার আড়ত থেকে বছরে ৪৫ থেকে ৫০ লাখ পিস গরু ও ছাগলের চামড়া বিক্রি হয়। এগুলোর অধিকাংশেরই ক্রেতা হাজারীবাগের ট্যানারিগুলো। লালবাগের মতো একটা ঘনবসতিপূর্ণ এলাকায় বিপুল পরিমাণ কাঁচা চামড়া থেকে প্রতিদিন যে পরিমাণ বর্জ্য তৈরি হয়, তা সরানোর কার্যকর কোনো ব্যবস্থা নেই। এতে সার্বক্ষণিক দুর্গন্ধের সঙ্গে পরিবেশও দূষিত হচ্ছে। সঙ্গে যানজট মিলে এলাকাবাসীর জীবনযাত্রা অসহনীয় হয়ে পড়েছে।
এসব বিবেচনায় পোস্তা থেকে দ্রুত কাঁচা চামড়ার আড়তগুলো সাভারে স্থানান্তরের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দা, কাঁচা চামড়ার ব্যবসায়ী ও মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা।
অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ‘ট্যানারি স্থানান্তরের উদ্যোগ শুরু হওয়ার সময় থেকেই আমরা সাভারে পোস্তার আড়তগুলোকে জমি বরাদ্দ দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করে আসছি।