সাভারে সব ট্যানারি স্থানান্তরে বিসিককে শিল্পমন্ত্রীর নির্দেশ
হাজারীবাগ থেকে সব ট্যানারি যেকোনো মূল্যে সাভারের চামড়া শিল্পনগরে স্থানান্তরের উদ্যোগ নিতে বিসিককে নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। চলতি ২০১২-১৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় শিল্পমন্ত্রী এ নির্দেশনা দেন। গতকাল সোমবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।সভায় শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।সভায় সভাপতিত্বকালে শিল্পমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশি চামড়া ও চামড়াজাতপণ্য রপ্তানি ধরে রাখতে অবিলম্বে হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে সরিয়ে নিতে হবে। তা ছাড়া এ ক্ষেত্রে আদালতের নির্দেশনা ও আইনি বাধ্যবাধকতাও রয়েছে।সভায় জানানো হয়, চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ছয়টি সংস্থার ২৬টি প্রকল্পের বিপরীতে এক হাজার ৭২২ কোটি ২৭ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে রাজস্ব খাতে বরাদ্দের পরিমাণ ৪০২ কোটি তিন লাখ টাকা এবং প্রকল্প সাহায্য খাতে বরাদ্দের পরিমাণ এক হাজার ৩২০ কোটি ২৪ লাখ টাকা। ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পে বরাদ্দ করা অর্থের ১৪ শতাংশ ছাড় করা হয়েছে।সভায় শিল্প প্রতিমন্ত্রী প্রকল্পের আর্থিক অগ্রগতির চেয়ে বাস্তব অগ্রগতির জন্য কাজ করতে প্রকল্প পরিচালকদের নির্দেশ দেন। এ ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেন তিনি।