সাভারে সিঙ্গারের রেফ্রিজারেটর কারখানা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের রেফ্রিজারেটর কারখানা উদ্বোধন অনুষ্ঠানে সিঙ্গার এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিঙ্গার বাংলাদেশের চেয়ারম্যান গ্যাভিন ওয়াকার এবং সাংহাই সনলু সাংলিং এন্টারপ্রাইজ গ্রুপ কোম্পানির চেয়ারম্যান চ্যান কুয়ান মিয়াওসহ অন্যরা l ছবি: সিঙ্গার
সাভারে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের রেফ্রিজারেটর কারখানা উদ্বোধন অনুষ্ঠানে সিঙ্গার এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিঙ্গার বাংলাদেশের চেয়ারম্যান গ্যাভিন ওয়াকার এবং সাংহাই সনলু সাংলিং এন্টারপ্রাইজ গ্রুপ কোম্পানির চেয়ারম্যান চ্যান কুয়ান মিয়াওসহ অন্যরা l ছবি: সিঙ্গার

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সাভারে অবস্থিত নিজস্ব কারখানায় গতকাল মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে রেফ্রিজারেটর উৎপাদন শুরু হয়েছে।
রেফ্রিজারেটর কারখানাটির উদ্বোধন অনুষ্ঠানে সিঙ্গার এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান গ্যাভিন ওয়াকার, সাংহাই সনলু সাংলিং এন্টারপ্রাইজ গ্রুপ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান চ্যান কুয়ান মিয়াও এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড হলো ইন্টারন্যাশনাল অ্যাপ্লায়েন্সেস লিমিটেড এবং সাংহাই সনলু সাংলিং এন্টারপ্রাইজ গ্রুপ কোম্পানির মালিকানাধীন একটি যৌথ মালিকানাধীন কোম্পানি।
অনুষ্ঠানে বলা হয়, পণ্যের গুণগত মান সিঙ্গারকে বিশ্বব্যাপী পরিচিতি দিয়েছে। এটি বাংলাদেশেও একটি বিশ্বস্ত নাম। সিঙ্গারের সাভারের কারখানায় উৎপাদিত রেফ্রিজারেটর ইতিমধ্যে প্রতিযোগিতামূলক মূল্যে বাজারজাতকরণ শুরু হয়েছে। সিঙ্গারের শোরুম ও ডিলারদের কাছে পণ্যটি পাওয়া যাচ্ছে।

এদিকে সিঙ্গার বাংলাদেশ গতকাল চলতি ২০১৬ সালের অর্ধবার্ষিক ফলাফল ঘোষণা করেছে। এতে দেখা যায়, আলোচ্য সময়ে সিঙ্গারের পণ্য বিক্রি বেড়েছে ২৭০ কোটি টাকা বা ৪২ দশমিক ৩ শতাংশ। স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ, নতুন বিপণন উদ্যোগ ও অনেক নতুন পণ্যের সমারোহের ফলে এটি সম্ভব হয়েছে।

সিঙ্গার গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, উন্নত ব্যবসায়িক পরিবেশ ও ব্যবস্থাপনায় বিভিন্ন পদক্ষেপের ফলে বছরের দ্বিতীয় প্রান্তিক শেষে সিঙ্গারের কর-পরবর্তী মুনাফা হয়েছে ২০ কোটি ২৯ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৫৩ দশমিক ৩ শতাংশ বেশি।

পরিচালন ব্যয় নিয়ন্ত্রণের ক্রমাগত প্রচেষ্টার ফলে সিঙ্গারের বিক্রয় ও পরিচালন ব্যয়ের অনুপাত কমে ১৭ দশমিক ৪ শতাংশ থেকে ১৫ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। এ ছাড়া কোম্পানির আর্থিক ব্যবস্থাপনার ব্যয় ২০১৬ সালের দ্বিতীয় প্রান্তিকের ২ কোটি ৭৩ লাখ টাকা থেকে কমে ২ কোটি ৫৭ লাখ টাকা হয়েছে।

সিঙ্গার বাংলাদেশের চেয়ারম্যান গ্যাভিন ওয়াকার এক বার্তায় জানান, কোম্পানির অর্ধবার্ষিক ফলাফলে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, আগের বছরের তুলনায় এবারে কোম্পানির পণ্য বিক্রিতে ৩৭ শতাংশ এবং নিট আয় আড়াই গুণ বৃদ্ধি পাওয়া বেশ উল্লেখযোগ্য অর্জন।

গ্যাভিন ওয়াকার আরও বলেন, উচ্চ মার্জিন, নিম্ন পরিচালন ব্যয়, সুদের নিম্নহার এবং উৎপাদনমুখী নতুন নতুন কার্যক্রম ভবিষ্যতের সম্ভাবনার দুয়ার খুলে দেবে।