সামষ্টিক অর্থনীতিতে জোর দিতে হবে ভারতের নতুন সরকারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণমান নির্ণয়কারী তিনটি আন্তর্জাতিক সংস্থা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের নতুন সরকারকে সামষ্টিক অর্থনৈতিক ইস্যুগুলোর ওপর জোর দিতে বলেছে।
সংস্থাগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর (এসঅ্যান্ডপি), মুডিস ইনভেস্টর সার্ভিস ও ফিচ রেটিংস। তারা ভারতের ঋণমানের অবনমন ঘটতে পারে বলে নতুন সরকারকে সতর্ক করে দিয়েছে। সংস্থাগুলো গত শুক্রবার জানিয়েছে, তারা আশা করে যে নতুন সরকার সামষ্টিক অর্থনীতির ওপর জোর দেবে।
তিনটি আন্তর্জাতিক সংস্থাই ইতিপূর্বে বিদায়ী কংগ্রেস সরকারের আমলে ভারতের অর্থনীতিকে অনিশ্চয়তাপূর্ণ বলে চিহ্নিত করেছে। সে অনুযায়ী তারা ভারতের বিনিয়োগ পরিস্থিতিকে মর্যাদা বা প্রবণতার দিক থেকে সর্বনিম্ন শ্রেণিতে ফেলেছে।
ভারতের লোকসভা নির্বাচনে এবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) নিরঙ্কুশ বিজয়ের সুবাদে নরেন্দ্র মোদি গঠন করতে চলেছেন। নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে গত ১০ বছরে ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল জোটের ভরাডুবি ঘটেছে।
মুডিসের সহসভাপতি অতসী শেঠ বলেন, ‘ভারতের ভবিষ্যৎ সার্বভৌম ঋণমান নির্ভর করবে সরকারের আর্থিক নীতিমালা, নীতিমালাজনিত প্রতিবন্ধকতা এবং সামাজিক ও ভৌত অবকাঠামোয় অগ্রগতির ওপর।’
অতসী শেঠ আরও জানান, ভারতের ঋণমানের পরিবর্তন শুধু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের ওপরই নির্ভর করবে না। তাঁরা আশা করছেন, ভারতের জিডিপিতে এ বছর প্রায় ৫ শতাংশের মতো প্রবৃদ্ধি হবে, যা আগের দুই বছরে ৫ শতাংশের নিচে ছিল।
এসঅ্যান্ডপির বিশ্লেষক তাকাহিরা ওগাওয়া বলেন, ‘আগামী মাসগুলোতে নীতিমালা প্রণয়নের মাধ্যমে অর্থনীতিতে আস্থা অর্জন করাই হবে ভারতের নতুন সরকারের জন্য গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, বিচক্ষণতা দেখিয়ে আর্থিক খাতকে টেকসই করে তোলাই হবে নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।
ফিচ রেটিংসের পরিচালক থমাস রুকমাকার বলেন, ‘নিরঙ্কুশ জয় একটি সরকারের জন্য অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বাত্মক নীতিমালা গ্রহণের সম্ভাবনা বাড়িয়ে দেয়। নতুন সরকার সেই কাজটি করে কি না তা দেখার অপেক্ষায় আছি আমরা।’
থমাস রুকমাকার আরও বলেন, নতুন সরকারের ব্যাপকভিত্তিক অর্থনৈতিক কৌশল নিতে অবশ্য কিছুটা সময় দরকার। তবে নিকটতম সময়ে তেমনটা দেখানোর একটা বড় উপলক্ষ হচ্ছে জাতীয় বাজেট, যা ঘোষণা করা হবে আগামী জুলাইয়ে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।