সামাজিক উৎসবেও ভাটা, কমে গেছে ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারুল ইসলাম তাঁর মেয়ের বিয়ের তারিখ ঠিক করেছিলেন ২০ ডিসেম্বর। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিয়ের ব্যবস্থাপনা ঠিকমতো করতে পারবেন কি না, আত্মীয়স্বজনেরা বিয়েতে যোগ দিতে পারবেন কি না—এ শঙ্কায় তিন সপ্তাহ আগে বিয়ের অনুষ্ঠানটি স্থগিত করেন। অথচ বিয়ে উপলক্ষে চার মাস আগেই বুকিং দিয়েছিলেন চট্টগ্রামের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে।
এভাবেই হরতাল ও অবরোধসহ চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে সামাজিক উৎসবগুলোয়। বিয়ে, বউভাত, জন্মদিন, মেজবানের মতো উৎসব পালনের হার কমে গেছে উল্লেখযোগ্যভাবে। এতে কমিউনিটি সেন্টার ও ডেকোরেটরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো লোকসানে পড়েছে। আর সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব আয় থেকে।
কমিউনিটি সেন্টারগুলো থেকে দুইভাবে মূল্য সংযোজন কর (মূসক) আদায় হয়। অনুষ্ঠানে কত লোক খাওয়ানো হলো তার ওপর ১৫ শতাংশ এবং কমিউনিটি সেন্টার ভাড়ার ওপর ১৫ শতাংশ মূসক আদায় হয়।
চট্টগ্রাম কমিউনিটি সেন্টার মালিক বহুমুখী সমবায় সমিতি সূত্রে জানা গেছে, নিবন্ধিত-অনিবন্ধিত মিলিয়ে চট্টগ্রাম নগরে প্রায় দেড় শ কমিউনিটি সেন্টার রয়েছে। নভেম্বর থেকে মার্চ হচ্ছে এ ব্যবসার ভরা মৌসুম।মানভেদে প্রতিটি কমিউনিটি সেন্টারে এই মৌসুমে গড়ে ২০ থেকে ২৫টি অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু এবারই ব্যতিক্রম। গত নভেম্বর মাসে বেশির ভাগ কমিউনিটি সেন্টারই তিন থেকে চারটির বেশি অনুষ্ঠান করার সুযোগ পায়নি। অধিকাংশ মানুষই কমিউনিটি সেন্টার বুকিং বাতিল করেছে। নতুন করে বুকিং দেওয়াও বন্ধ রয়েছে। মান ভেদে এসব কমিউনিটি সেন্টারে ভাড়া ১৫ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত।
সমিতির সাধারণ সম্পাদক মাসুদ হাসান বলেন, ‘বর্ষাকাল, রমজান, ঈদ ইত্যাদি মিলিয়ে জুন থেকে অক্টোবর পর্যন্ত এমনিতেই আমাদের ব্যবসা মন্দা থাকে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ব্যবসা করে বাকি সময়ের লাভটা তুলে নিই। কিন্তু এবার ব্যবসা করতে না পারায় ঋণ করে অথবা জমা টাকা ভেঙে চলতে হচ্ছে আমাদের।’
শুধু কমিউনিটি সেন্টারগুলোই নয়, সামাজিক উৎসবে ভাটা পড়ায় লোকসানে পড়েছে ডেকোরেটর, বাবুর্চি, ফুলসহ সংশ্লিষ্ট আরও অনেক ব্যবসায়। চট্টগ্রাম ডেকোরেটর মালিক সমিতির সভাপতি মো. শাহাবুদ্দিন জানান, গত দেড় মাসে ব্যবসা প্রায় বন্ধ। অথচ দোকানের ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন সবই নিয়মিত দিতে হচ্ছে। এভাবে আর কিছুদিন চললে ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।
তাঁর দেওয়া হিসাব মতে, গত দেড় মাসে নগরের ২০০ ডেকোরেটর প্রতিষ্ঠানের ক্ষতি দুই থেকে আড়াই কোটি টাকারও বেশি হবে। অনুষ্ঠানের সংখ্যা কমে যাওয়ায় ফুলের চাহিদাও কমেছে। ফলে বিপদে পড়েছে নার্সারিগুলোও।
বিয়ের সংখ্যা কমে যাওয়ায় বেকার অবস্থায় আছেন বিয়ে পড়ানো কাজিরাও। চট্টগ্রামের বাগমনিরাম ওয়ার্ডের কাজী মো. গিয়াসউদ্দিন জানান, গত বছর এ মৌসুমে মাসে গড়ে ৬০ থেকে ৭০টি বিয়ে পড়ানোর কাজ করেছেন। এ মাসে এখন পর্যন্ত বিয়ে পড়িয়েছেন একটি। গত মাসে এ সংখ্যা ছিল ২০-এর নিচে।