সামাজিক নিরাপত্তা কর্মসূচি মূল্যায়নে জননিরীক্ষণ ব্যবস্থা চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক নিরাপত্তা খাতে সরকার অনেক অর্থ বিনিয়োগ করলেও সাধারণ মানুষ তার সুফল পাচ্ছে না। এ জন্য সুশাসন নিশ্চিত করা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং একক কর্তৃপক্ষের আওতায় কর্মসূচিগুলোর বাস্তবায়ন হওয়া প্রয়োজন।‘সামাজিক নিরাপত্তা খাতে প্রস্তাবিত বাজেট বরাদ্দ’ শীর্ষক গোল-টেবিলের বক্তারা এমন মন্তব্য করেছেন। বক্তারা সামাজিক নিরাপত্তা খাতের কর্মসূচিগুলো তৃতীয় পক্ষের মাধ্যমে পর্যবেক্ষণ, নিরীক্ষণ ও মূল্যায়ন করা এবং দলীয় বিবেচনায় কর্মসূচির উপকারভোগী নির্বাচন বন্ধের দাবি জানিয়েছেন।তৃতীয় পক্ষের মাধ্যমে কর্মসূচি মূল্যায়নের এই পদ্ধতিকে বক্তারা ‘জন-নিরীক্ষণ’ বলে অভিহিত করেন।রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল বুধবার খাদ্য অধিকার ও সামাজিক নিরাপত্তা আন্দোলন নামের একটি সংগঠন গোলটেবিল বৈঠকের আয়োজন করে। সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খাদ্য অধিকার ও সামাজিক নিরাপত্তা আন্দোলনের স্থায়ী কমিটির সদস্য মনোয়ার মোস্তফা। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী নির্বাচনে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উপকারভোগীর নাম স্থানীয় সরকার কার্যালয়সহ সব কার্যালয়ে প্রদর্শন করা এবং সামাজিকভাবে বঞ্চিত জনগণকে দীর্ঘমেয়াদে এই কর্মসূচির আওতায় আনতে হবে।আন্দোলনের সদস্যসচিব জাকির হোসেন বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা খাতের সব বরাদ্দ একটি দাতব্য নীতিতে পরিচালিত হয়ে থাকে। একে অধিকারভিত্তিক করতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করা জরুরি। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা খাতের চলমান কর্মসূচিগুলো প্রায় ১৫টি কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে। সে কারণে এসব কাজে চরম সমন্বয়হীনতা ও অনিয়ম দেখা যায়। পিপিআরসির গবেষক খন্দকার সাখাওয়াত আলী বলেন, সামাজিক নিরাপত্তা খাতের কর্মসূচিগুলো মূল্যায়নে পরিকল্পনা মন্ত্রণালয়ের কোনো তদারকি নেই। এ জন্য বাজেটে কোনো বরাদ্দও রাখা হয়নি।বৈঠকের সভাপতি কৃষি অর্থনীতিবিদ মোয়াজ্জেম হোসাইন বলেন, আঞ্চলিক বৈষম্য বাজেট প্রণয়নে বিবেচনায় আসে না। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য বিষয়ে সরকারের কাছে গবেষণাধর্মী তথ্য থাকা প্রয়োজন।বৈঠকে ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক সুবল সরকার, সামাজিক নিরাপত্তা আন্দোলনের সমন্বয়কারী অমিত রঞ্জন দে বক্তব্য দেন।