সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রমে দুর্নীতি ঠেকাতে এবার সুবিধাভোগীদের যাবতীয় তথ্য নিয়ে কেন্দ্রীয়ভাবে একটি তথ্যভান্ডার তৈরি করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সুবিধাভোগী অতিদরিদ্রদের বয়স, আয়, পারিবারিক অবস্থান, সামাজিক পরিচয়সহ সব কিছুই থাকবে এই তথ্যভান্ডারে।সম্প্রতি পরিসংখ্যান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তাবনা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।দেশের বর্তমানে ৮৭টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে। এর মধ্যে বর্তমানে খোলা বাজার কার্যক্রম (ওএমএস), কাজের বিনিময়ে টাকা (কাবিটা), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), টেস্ট রিলিফ (টিআর), বিধবাভাতা, বয়স্কভাতা, ভিজিএফ, ভিজিডি উল্লেখযোগ্য। বিভিন্ন মন্ত্রণালয় এসব কর্মসূচির সুবিধাভোগীদের নির্বাচন করে থাকে। তবে দীর্ঘদিন ধরেই এসব কর্মসূচিতে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ রয়েছে। বিশেষ করে উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগটি জোরালো। উপকারভোগী নির্বাচনে স্থানীয় সাংসদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারের প্রভাবশালীরা হস্তক্ষেপ করায় প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হচ্ছেন বলে জানা গেছে।এ প্রসঙ্গে পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিম প্রথম আলোকে বলেন, দুর্নীতির কারণে দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির পুরোপুরি সুফল পাওয়া যাচ্ছে না। সুবিধাভোগী নির্বাচনে গলদ রয়েছে। রীতি ইব্রাহিমের মতে, এই প্রকল্পের মাধ্যমে অতিদরিদ্রদের সব তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। এতে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগ তাদের চাহিদা অনুযায়ী তথ্য সংগ্রহ করে সুবিধাভোগী নির্বাচন করতে পারবে। গত মাসের শেষ সপ্তাহে ‘জাতীয় জনসংখ্যা নিবন্ধন ও অতিদরিদ্র পরিবার’ শিরোনামের একটি প্রকল্প মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে পরিসংখ্যান বিভাগ। প্রস্তাবে বলা হয়েছে, দারিদ্র্য বিমোচনে সরকার ৮৭টি কর্মসূচি বাস্তবায়ন করলেও প্রকৃত উপকারভোগীদের কাছে এই সুবিধা দেওয়া অত্যন্ত চ্যালেঞ্জের বিষয়। উপকারভোগী নির্বাচনে ত্রুটি আছে। কিন্তু দ্রুত দারিদ্র্য বিমোচনে প্রকৃত উপকারভোগী চিহ্নিত করার বিকল্প নেই।এই প্রকল্পের মাধ্যমে দেশের সব নাগরিকের জীবনযাত্রার যাবতীয় তথ্য সংগ্রহ করা হবে। এ ছাড়া অতিদরিদ্র পরিবারগুলোর তালিকা প্রণয়ন করা হবে। প্রতিটি দরিদ্র পরিবারকে একটি স্মার্ট কার্ড দেওয়া হবে। স্মার্ট কার্ডে উপকারভোগীর হাতের আঙুলের ছাপ থাকবে, যাতে অন্য কেউ এই কার্ড ব্যবহার করতে না পারে। উপকারভোগী ওই ব্যক্তির কার্ডে তার পরিবারের সব তথ্য সন্নিবেশিত থাকবে।এভাবে প্রতিটি উপজেলায় এসব তথ্য-উপাত্ত সংরক্ষণ করে একটি তথ্যভান্ডার থাকবে। এই তথ্যভান্ডার ব্যবহার করে সংশ্লিষ্ট উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো পরিচালিত হবে।আর সারা বছরই তথ্যভান্ডারে তথ্য হালনাগাদ করা হবে। এতে কোনো পরিবার যদি দারিদ্র্যসীমার ওপরে উঠে যায়, তবে তাদের স্থলে নতুন পরিবারকে এই সুবিধার আওতায় আনা যাবে। বর্তমানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় তা করা যাচ্ছে না। ১৮ বছরের ঊর্ধ্বে নাগরিকদের বায়োমেট্রিক তথ্য নির্বাচন কমিশন থেকে সংগ্রহের প্রস্তাবও দিয়েছে পরিসংখ্যান বিভাগ। তাই প্রকল্পটি বাস্তবায়নে নির্বাচন কমিশন সচিবালয়ের সহায়তা প্রয়োজন।আপাতত প্রকল্পটি পাইলটভিত্তিক বাস্তবায়ন করে পরে তা পূর্ণাঙ্গ বাস্তবায়নের সুপারিশ করেছে পরিসংখ্যান বিভাগ। প্রকল্পটি বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১২৫ কোটি টাকা। এর মধ্যে স্থানীয় মুদ্রায় ১৫ কোটি টাকা আর বাকি অর্থ দাতাদের কাছ থেকে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। সম্ভাব্য দাতা হিসেবে বিশ্বব্যাংক, ইউএনডিপি, ডিএফআইডি ও জাইকাকে চিহ্নিত করা হয়েছে।প্রকল্পটির মেয়াদকাল ধরা হয়েছে ২০১২ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত। প্রকল্প বাস্তবায়নকারী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। পরিসংখ্যান ব্যুরোর এক ধারণাপত্রে বলা হয়েছে, দেশে প্রায় ৭৫ লাখ অতিদরিদ্র পরিবার রয়েছে। আর এতে অতিদরিদ্র লোকের সংখ্যা প্রায় পৌনে চার কোটি।বিবিএস সূত্রে জানা গেছে, বাংলাদেশে সাধারণত কোনো ব্যক্তি দৈনিক ১৬০৫ কিলোক্যালরির নিচে খাদ্য গ্রহণ করলে তাকে অতিদরিদ্র হিসেবে চিহ্নিত করা হয়। অতিদরিদ্রদের যেসব বিষয় বিবেচনায় আনা হবে সেগুলো হলো: বসতবাড়ির বিবরণ, মাথাপিছু দৈনিক আয়, জমির পরিমাণ/ভূমিহীন, জীবিকা, খানাপ্রধান বয়স্ক মহিলা, খানায় কোনো উপার্জনকারী সদস্য না থাকা ইত্যাদি।