রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘জাতীয় বাজেটে অতিদরিদ্রদের জন্য বরাদ্দ: কী পরিমাণ ও কতটা কার্যকর’ শীর্ষক সংলাপে এ বক্তব্য উঠে এসেছে। গতকাল বুধবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং ব্র্যাক যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।সংলাপে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। মূল বিষয়ে বিশ্লেষণ তুলে ধরেন সিপিডির গবেষণা বিভাগের প্রধান পরিচালক ফাহমিদা খাতুন। সংস্থাটির চেয়ারম্যান রেহমান সোবহান ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক। প্রতিবছরই বাজেটের মোট বরাদ্দের বেশির ভাগ অর্থ দারিদ্র্য নিরসনে ব্যয় হয়—বিশ্লেষণে অর্থ বিভাগের এমন তথ্যের কথা উল্লেখ করে সিপিডি বলেছে, সরাসরি দারিদ্র্য নিরসনে নয়, এ ব্যয় করা হয় প্রবৃদ্ধি বাড়ানোর কাজে। অর্থ বিভাগের হিসাবে, ২০০৬-০৭ অর্থবছরে দারিদ্র্য নিরসনে মোট বাজেটের ৫৬ দশমিক ৩, ২০০৭-০৮ অর্থবছরে ৫৭, ২০০৮-০৯ অর্থবছরে ৫৮ দশমিক ৩, ২০০৯-১০ অর্থবছরে ৬০ দশমিক ১ এবং ২০১০-১১ অর্থবছরে ৫৭ দশমিক ৫ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।বিশ্লেষণে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করার সুপারিশ করে সিপিডি। এ জন্য নীতিনির্ধারকদের প্রয়োজনে এনজিও এবং স্থানীয় সরকারের সহযোগিতায় দরিদ্রদের সঙ্গে সরাসরি কথা বলার পরামর্শ দেওয়া হয়। সর্বোপরি উপকারভোগীদের জন্য একটি কেন্দ্রীয় তথ্যভান্ডার (ডেটাবেইস) গঠনের মাধ্যমে বরাদ্দের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সহজ হবে বলেও মত প্রকাশ করে সিপিডি। সিপিডির মতে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) একটি অংশ হলো সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি। এডিপি বাস্তবায়ন ভালো হলে কর্মসংস্থানের সৃষ্টি হয়, যা দারিদ্র্য নিরসনে ভূমিকা রাখে।এ ছাড়া এই কর্মসূচি বাস্তবায়নে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) ব্যবস্থাকেও কাজে লাগানো যেতে পারে বলে সুপারিশ করে সিপিডি।সংলাপে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, স্বাধীনতার পর থেকেই দারিদ্র্য নিরসন প্রধান লক্ষ্য। এ জন্য বরাদ্দ যা হয়, তার সঠিক ব্যবহার হয় না। এ জন্য স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে।খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রতি ইউনিয়নের জন্য ২৭ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এ টাকা দিয়ে শুধু কালভার্ট হয়েছে। বললে হয়তো স্থানীয় সরকার বিভাগের বন্ধুরা নাখোশ হবেন। আসলে জবাবদিহি নিশ্চিত করা খুবই কঠিন। মানুষও মেনে নিয়েছে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তা করবেনই।’অধ্যাপক রেহমান সোবহান বলেন, সংখ্যা দিয়ে দারিদ্র্য না বুঝে বরং দারিদ্র্যের প্রকৃতি বুঝতে হবে। নইলে আলোচনা লক্ষ্যচ্যুত হয়ে যাবে। বাজেটের ৫০ ভাগেরও বেশি বছরের পর বছর ব্যয় হচ্ছে, অথচ দারিদ্র্যের হার তেমন কমছে না কেন তা জানা দরকার। প্রয়োজনে এনজিওগুলোকে কিছু কিছু দায়িত্ব দেওয়া যেতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বরাদ্দ লক্ষ্যচ্যুত হচ্ছে। অনেক মন্ত্রণালয় নিজের মতো করে এই কর্মসূচি সাজায়।সুনির্দিষ্ট খাতে ভর্তুকি দেওয়ার কথা উল্লেখ করে মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, আঞ্চলিক বৈষম্যও দারিদ্র্যের কারণ হয়, কিন্তু অবকাঠামো-শূন্যতা একটি বড় বিষয়।হতদরিদ্রদের নিয়ে আলাদা কোনো কর্মসূচি গ্রহণ করা যায় কি না নীতিনির্ধারকদের তা ভেবে দেখতে বলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন। তিনি বলেন, অনেকেই দরিদ্র নয়, কিন্তু দরিদ্র হয়ে যাচ্ছে নদীভাঙন, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে। এই বিশেষ শ্রেণীটি কোনো সুবিধাই পায় না। টাকার সঙ্গে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন মাহবুব হোসেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এম এম আকাশ বলেন, দারিদ্র্য নিরসনে বাজেটের ৫৮ শতাংশ সরকার ব্যয় করে। সিপিডির উচিত ছিল প্রকৃতপক্ষেই সেই ব্যয়টি হয় কি না, তা খুঁজে বের করা। এম এম আকাশ আরও বলেন, এটা দুর্ভাগ্যজনক যে সাংসদেরা অংশগ্রহণমূলক বাজেট প্রণয়নে নিজেরাই আগ্রহী নন। সুশাসনের অভাব ও রাজনৈতিক কারণে বিপুল পরিমাণ অর্থের অপচয় হয় বলে মনে করেন তিনি। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক মোস্তফা কে মুজেরী বলেন, দারিদ্র্য নিরসনে এত দিন যেসব নীতি গ্রহণ করা হয়েছে, তা যথেষ্ট নয়। সার্বিক দারিদ্র্য হার কমলেও চরম দারিদ্র্যের হার ধীরগতিতে কমেছে বলে উল্লেখ করেন তিনি।পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম বলেন, সবার আগে দরকার বিনা মূল্যে শিক্ষা দেওয়ার ব্যবস্থা। কারণ, শিক্ষা হচ্ছে দারিদ্র্য নিরসন তথা শ্রেণী পরিবর্তনের সর্বোত্তম পন্থা। উপজেলা পর্যায় থেকে বাজেট হওয়া উচিত বলে তিনি মনে করেন।আলোচনায় আরও অংশ নেন নিজেরা করির নির্বাহী পরিচালক খুশী কবির, খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফজলুর রহমান প্রমুখ।