সামাজিক নিরাপত্তাবেষ্টনী আরও বাড়ানোর প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছরের (২০১৩-২০১৪) বাজেটে অপেক্ষাকৃত দরিদ্র জনগোষ্ঠীর জন্য কল্যাণমূলক বিশেষ অগ্রাধিকার খাত হিসেবে সামাজিক নিরাপত্তাবেষ্টনী আরও সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী গতকাল বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় বলেছেন, এ ক্ষেত্রে আঞ্চলিক সমতা বিধান ও কর্মসূচির দ্বৈততা পরিহার করে সরকারি অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। সামাজিক নিরাপত্তা কৌশল প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সঠিকভাবে এই কর্মসূচির উপকারভোগী বাছাইয়ের লক্ষ্যে অতি দরিদ্রদের তালিকা তৈরির কাজ শুরু করা হয়েছে।

এই খাতের বিশেষ বিশেষ কর্মসূচি: গ্রামাঞ্চলের দরিদ্র গর্ভবতী মা ও গর্ভের সন্তানের পুষ্টি চাহিদা পূরণে বর্তমানে এক লাখ এক হাজার ২০০ জন গর্ভবতী মাকে প্রতি মাসে ৩৫০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। আগামী বছর উপকারভোগী মায়েদের সংখ্যা ১৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের পোশাক কারখানা এলাকাসহ দেশের ৬১টি জেলা সদরে ৭৭ হাজার ৬২৫ জন অভাবী (ল্যাকটেটিং) মাকে মাসিক ৩৫০ টাকা হারে যে ভাতা দেওয়া হচ্ছে, আগামী অর্থবছরে তা ৪০০ টাকা করা এবং ভাতাভোগীর সংখ্যা ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে ২৪ লাখ ৭৫ হাজার বয়স্ক ভাতাভোগী প্রতি মাসে ৩০০ টাকা হারে ভাতা পাচ্ছেন। আগামী অর্থবছরে ভাতাভোগীর সংখ্যা ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে নয় লাখ ২০ হাজার বিধবা, স্বামী পরিত্যক্তা ও দুস্থ নারী প্রতি মাসে ৩০০ টাকা করে ভাতা পাচ্ছেন। আগামী অর্থবছরে এই নারীদের সংখ্যা ১০ শতাংশ বাড়ানো; ভিজিডি কার্যক্রমের আওতায় সাত লাখ দুস্থ নারীকে মাসে ৩০ কেজি চাল বা ২৪ কেজি গম সরবরাহ অব্যাহত রাখা এবং হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্যচাহিদা পূরণের লক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় বছরে চার লাখ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে।

হিজড়া, দলিত, হরিজন ও বেদে সম্প্রদায়কে সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করার লক্ষ্যে আগামী অর্থবছরে ১২ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অতি দরিদ্রদের ৮০ দিনের কর্মসংস্থানের লক্ষ্যে এক হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

কাবিখা, টিআর ও জিআর কর্মসূচির জন্য চলতি অর্থবছরের সমপরিমাণ (চার লাখ+চার লাখ+৮০ হাজার মেট্রিক টন) খাদ্যশস্য বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। ভবিষ্যতে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সরাসরি খাদ্যশস্য বিতরণের পরিবর্তে ‘ভাউচার স্কিম’ প্রবর্তনের চিন্তা করা হচ্ছে বলে অর্থমন্ত্রী বলেছেন।

প্রতিবন্ধী জরিপ সম্পন্ন করে তাদের তথ্য জাতীয় তথ্যভান্ডার হিসেবে সংরক্ষণ করা হবে। প্রতি জেলায় স্থাপিত প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আগামী অর্থবছরে ১২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রতিবন্ধীদের জন্য স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠাসহ তাঁদের উন্নয়নে আরও বহুবিধ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

অটিজম সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অটিস্টিক শিশুদের জাতীয় জীবনের মূলধারায় নিয়ে আসার লক্ষ্যে নানাবিধ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও অর্থমন্ত্রী উল্লেখ করেন। চলতি অর্থবছরে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নিবাসীদের খোরাকি ভাতা এবং বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন অনুদান বাবদ মোট ৯৪ কোটি ৫০ লাখ টাকা দেওয়া হয়েছে। আগামী অর্থবছরে তা ১০২ কোটি ২৮ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, সম্মানী ভাতা ও রেশন; দুস্থ সংস্কৃতিসেবীদের জন্য ভাতা; ত্রাণ, দুর্যোগ অনুদান, অবাঙালি পুনর্বাসন; প্রতিবন্ধীদের জন্য শিক্ষা উপবৃত্তি ও স্কুলের জন্য মঞ্জুরি; গৃহনির্মাণ সহায়তা; কৃষি পুনর্বাসন; পার্বত্য চট্টগ্রামের জন্য খাদ্যসহায়তা প্রভৃতি কার্যক্রম অব্যাহত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।