সামাজিক নিরাপত্তাবেষ্টনী খাত বিশৃঙ্খলই থাকছে

১২২টি কর্মসূচিতে আগামী অর্থবছরে ১ লাখ ১৫ হাজার কোটি টাকা রাখা হচ্ছে, যার মধ্যে একটা অংশ সামাজিক নিরাপত্তা কর্মসূচিই নয় বলেছেন বিশেষজ্ঞরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসছে বাজেট ২০২২–২৩

দেশের সামাজিক নিরাপত্তাবেষ্টনী খাতে ভালো শৃঙ্খলা নেই। এ ব্যাপারে কোনো পদক্ষেপও নেই সরকারের। প্রতিবারের বাজেটেই এ খাতে বড় আকারের বরাদ্দ দেখানো হচ্ছে। তা-ই করা হচ্ছে আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্যও। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক নিরাপত্তায় কম বরাদ্দের লজ্জা থেকে বাঁচতে অথবা বাড়িয়ে দেখানোর প্রবণতা থেকে সরকার প্রতিবছর এ খাতে অতিরঞ্জন করে যাচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের জন্য এ খাতে সরকার ১ লাখ ১৫ হাজার কোটি টাকার মতো রাখার কথা বলবে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ শতাংশের কম। চলতি ২০২১-২২ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ৭ হাজার ৬১৪ কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ১১ শতাংশ। অথচ এ বরাদ্দের মধ্যে এমন সব বিষয় রাখা হচ্ছে, যেগুলো সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যেই পড়ে না।

স্কুল-কলেজের শিক্ষার্থীদের যে বৃত্তি দেওয়া হয়, সেটাকেও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বলছে সরকার। আবার অবসরভোগী সরকারি চাকরিজীবীদের পেনশন, সঞ্চয়পত্রের সুদ, করোনার কারণে ব্যাংকের সুদ মওকুফ ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য সুদ ভর্তুকিকে আগামী অর্থবছরেও দেখানো হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসেবে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এই চার বিষয়ে আগামী অর্থবছরে থাকছে ৪০ হাজার কোটি টাকার বেশি।

নগদ সহায়তা, খাদ্যসহায়তা ও কর্মসৃজন, বৃত্তি, বিশেষ সহায়তা, বিশেষ জনগোষ্ঠীর জন্য সহায়তা, উন্নয়ন কর্মকাণ্ড ইত্যাদি বিষয়ে সামাজিক নিরাপত্তাবেষ্টনী খাতের আওতায় আগামী অর্থবছরে ১২২টি বিষয় বা কর্মসূচি রয়েছে। এগুলো বাস্তবায়নের দায়িত্ব ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের। তবে এ খাতের উপকারভোগীদের পুরো তথ্য নেই সরকারের কাছে। উপকারভোগী নির্বাচনের সমস্যাও প্রকট। বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, পুরো খাতটিই বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।

সরকার ২০১৫ সালে জাতীয় সামাজিক সুরক্ষা কৌশলপত্র (এনএসএসএস) করলেও অনেক ক্ষেত্রেই
এর সঙ্গে চলমান সামাজিক নিরাপত্তাবেষ্টনী সংগতিপূর্ণ নয়। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) ২০১৬ সালেই তথ্য-উপাত্ত দিয়ে জানিয়েছিল যে দেশের ৬৪ শতাংশ দরিদ্র মানুষ সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচিগুলোর একটির সুবিধাও পায় না।

বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, এ খাতের বরাদ্দ অতিরঞ্জন করে দেখানো হচ্ছে। পেনশনের টাকা সরকারি কর্মচারীদের অধিকার। আর সঞ্চয়পত্রের গ্রাহক ধনীরাও। হাস্যকরভাবে এ হিসাব দেখানো হচ্ছে।

সনাতনী পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে বলে মনে করেন আহসান এইচ মনসুর। তিনি বলেন, এ জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়কে শক্তিশালী করা যেতে পারে। ভালো হবে বাস্তবায়নের জন্য সরকার যদি এ ব্যাপারে স্বাধীন একটি দপ্তর গঠন করে।

বিশৃঙ্খলার ধরনগুলো

অর্থ বিভাগ সূত্র জানায়, আগামী অর্থবছরে ১ কোটি ২৫ লাখের বেশি মানুষের জন্য ৯টি বিষয়ে নগদ সহায়তার বরাদ্দ থাকছে প্রায় ৪৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ৮ লাখের কাছাকাছি অবসরভোগী সরকারি কর্মচারীদের পেনশন বাবদ বরাদ্দই প্রায় ৩০ হাজার কোটি টাকা।

কোভিড-১৯–এর কারণে ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানকে কম সুদে ঋণ দেওয়া এবং বাণিজ্যিক ব্যাংকগুলোকে দুই মাসের সুদ ভর্তুকি বাবদ মোট ৫ হাজার কোটি টাকার বেশি খরচ হবে।

ধনী-গরিব সবাই সঞ্চয়পত্র কিনে থাকেন। সামাজিক নিরাপত্তার কথা বলে আগামী অর্থবছরে এ খাতে ৭ হাজার কোটি টাকার বেশি রাখা হচ্ছে। অর্থ বিভাগের কর্মকর্তাদের এ নিয়ে ব্যাখ্যা হচ্ছে, মানুষ ব্যাংকে আমানত হিসেবে অর্থ না রেখে সঞ্চয়পত্র কিনলে যে বেশি সুদ পায়, তা বহন করতে হয় সরকারকে। ফলে এটাও সামাজিক নিরাপত্তা খাতের অংশ।

আগামী অর্থবছরেও দুর্যোগ–সহায়তা, বন্যাদুর্গত, করোনায় বিপদে পড়া দরিদ্র জনগোষ্ঠী, নদীভাঙন এলাকায় প্রধানমন্ত্রীর সহায়তা, কৃষি পুনর্বাসন, মৃত সরকারি কর্মচারীদের অনুদান বাবদ কিছু কর্মসূচি থাকছে, যেগুলোতে উপকারভোগীর সংখ্যা উল্লেখ থাকবে না।

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান প্রথম আলোকে বলেন, ‘অনেক অনেক বরাদ্দই ঠিক সামাজিক নিরাপত্তার ব্যয় নয়। এ খাত চলছে বিশৃঙ্খলভাবে। বরাদ্দ কম, মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়হীনতা এবং সহায়তা পাওয়ার যোগ্যদের সবাই সহায়তা না পাওয়া হচ্ছে অন্যতম তিন সমস্যা।’

সেলিম রায়হান আরও বলেন, ‘আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা এ খাতে অনুপস্থিত। কোভিড-১৯ আসার পর তথ্য না পাওয়ার সমস্যা আরও বেড়েছে। ঠিক ব্যক্তির কাছে টাকা যাচ্ছে কি না, তার যথাযথ তদারকি নেই। তৃতীয় পক্ষের মাধ্যমে এগুলোর মূল্যায়ন করাটা জরুরি।’

ভাতা ও আওতা বাড়ছে প্রতিবন্ধীদের

প্রতিবন্ধীদের জন্য ৭৫০ টাকা করে ভাতা রয়েছে বর্তমানে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী অর্থবছর থেকে এটা ১০০ টাকা বাড়িয়ে ৮৫০ টাকা করা হচ্ছে। চলতি অর্থবছরে ২০ লাখ ৮ হাজার প্রতিবন্ধীর জন্য ভাতা বরাদ্দ ছিল। আগামী অর্থবছরে নতুন করে তালিকাভুক্ত করা হচ্ছে তিন লাখ প্রতিবন্ধীকে।

এ ছাড়া শহর ও গ্রাম মিলিয়ে ৭ লাখ ৭০ হাজার দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা এবং ২ লাখ ৭৫ হাজার কর্মজীবী মায়ের জন্য ভাতা দিয়ে আসছে সরকার। দুটি কর্মসূচিকে এক করে আগামী অর্থবছর থেকে নতুন নাম দেওয়া হচ্ছে ‘মা ও শিশুসহায়তা কর্মসূচি’। অর্থ বিভাগ সূত্র জানায়, বরাদ্দের অঙ্ক বৃদ্ধি এবং এ দুটি ছাড়া তেমন কোনো পরিবর্তন নেই আগামী বাজেটে।

সামাজিক নিরাপত্তাবেষ্টনী খাতকে সুশৃঙ্খল করার বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত রাতে প্রথম আলোকে বলেন, ‘সাধ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। কোনোটা বেশি ভালো হচ্ছে, কোনোটা কম। ভবিষ্যতে এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেব। আমাদের এবারের চিন্তা হচ্ছে গরিব মানুষকে বেশি সহায়তা দিয়ে যাওয়া।’