সামাজিক নিরাপত্তাবেষ্টনীতে সুবিধাভোগী বাড়ছে
আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় সুবিধাভোগীর সংখ্যা বাড়ছে।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার সামাজিক নিরাপত্তাবলয় কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান।
বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রমুখ উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, আগামী বছর সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতা বাড়ানোয় বিশেষ জোর দেওয়া হবে। ভাতা বা সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি নিয়ে তিনি অবশ্য স্পষ্ট করে কিছু জানাননি।
বৈঠক সূত্র জানায়, ৬৫ বছরের বেশি বয়সী মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ করার একটি প্রস্তাব উঠেছে। বর্তমানে দুই লাখ মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন—যাঁদের ৮০ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি। হিজড়াদের বিশেষ কোনো পেশা বা চাকরিতে সুযোগ দেওয়ার ব্যাপারেও আগামী বাজেটে কিছু থাকছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।