সামাজিক নিরাপত্তাবেষ্টনীর সহজগম্যতা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অর্থনীতি সমিতি ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণমুখী হিসেবে আখ্যায়িত করেছে। তবে এই বাজেটের দুর্বলতাগুলো সম্পর্কেও সরকারকে সতর্ক থাকতে বলেছে। এরই অংশ হিসেবে সমিতি সামাজিক নিরাপত্তাবেষ্টনীর প্রকৃত চাহিদা নিরূপণ করার এবং এসব সুবিধা পাওয়ার ক্ষেত্রে এর সহজগম্যতা নিশ্চিত করার সুপারিশ করেছে।সমিতি আরও মনে করে, বাস্তবায়নের কার্যকারিতাকে উল্লেখযোগ্যহারে বাড়াতে হলে সংশ্লিষ্ট আন্তমন্ত্রণালয় সমন্বয় জোরদার করতে হবে। গতকাল রোববার বিকেলে ঢাকায় বাংলাদেশ অর্থনীতি সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আগামী অর্থবছরের বাজেটের ওপর সমিতির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলা হয়। অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাতের সভাপতিত্বে এতে বাজেট প্রতিক্রিয়া ও সুপারিশের লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমদ চৌধূরী। এ সময় সমিতির সহসভাপতি আশরাফ উদ্দিন চৌধুরী ও হান্নানা বেগমসহ কার্যনির্বাহক কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।আবুল বারকাত বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের জন্য বাজেটে অনেকগুলো পদক্ষেপের কথা বলা হয়েছে। এগুলোর সঙ্গে কর্মসূচিগুলোয় যেসব মন্ত্রণালয় জড়িত তাদের মধ্যকার সমন্বয়টা জরুরি। তা না করে সবগুলো মন্ত্রণালয়কে টেনে আনলে জটিলতা বাড়ে।বারকাত উদাহরণ দিয়ে বলেন, ভূমিহীনদের খাসজমি বিতরণের কথা বাজেটে প্রথমবারের মতো বলা হয়েছে। এখন এই কাজে ভূমি, আইন ও স্থানীয় সরকার—এই তিনটি মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়াতে হবে।সামাজিক নিরাপত্তা ও ক্ষমতায়ন খাতে মোট ১৯ হাজার ৪৯৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের প্রায় সাড়ে ১৪ শতাংশ ও মোট দেশজ উৎপাদনের প্রায় আড়াই শতাংশ। এই তথ্য উল্লেখ করে আবুল বারকাত বলেন, শুধু বরাদ্দ বাড়ালেই তা অর্থবহ হবে না। এসব কর্মসূচির আওতায় কারা ভবিষ্যতে আসবেন অর্থাৎ এর প্রকৃত চাহিদা কতো তা প্রক্ষেপণ করা প্রয়োজন। পাশাপাশি এসব সুবিধা পাওয়ার জন্য মানুষকে যে কষ্ট সইতে হয়, তাও হ্রাস করার ব্যবস্থা নিতে হবে।বারকাত উদাহরণ দিয়ে বলেন, গ্রামের যাঁরা বয়স্কভাতা পান, তাঁদের দূর-দূরান্ত থেকে সকালে এসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে লাইন ধরতে হয়। ভাতার অর্থ নিয়ে ফিরতে ফিরতে তাঁদের সন্ধ্যা হয়ে যায়। ফলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা ভোগ করতে গিয়ে প্রচণ্ড রকম ও কোনো কোনো ক্ষেত্রে অমানবিক অসুবিধা পোহাতে হয়। অর্থনীতি সমিতির সভাপতি বলেন, যদি ১০ টাকা দিয়ে কৃষকদের ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করা যায়, তাহলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচির সুবিধাভোগীদেরও ব্যাংক হিসাব খুলে সেই হিসাবে তাঁদের ভাতা পাঠানোর ব্যবস্থা করা যায়।এক প্রশ্নের জবাবে আবুল বারকাত বলেন, এই বাজেট ২০২১ সালে মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীকালের জন্য যে রূপকল্প তৈরি করা হয়েছে, তার সঙ্গে যথেষ্ট সাযুজ্যপূর্ণ।বাজেটের খাসজমি বিতরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে অর্থনীতি সমিতি দ্রুত একটি ভূমি সংস্কার কমিশন গঠনের প্রস্তাব করেছে।অর্থনীতি সমিতি মনে করে, ২০১০-১১ অর্থবছরের বাজেট প্রণয়নে মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক কাঠামোর অন্তঃস্থ কয়েকটি অনুমানকে ভিত্তি হিসেবে ধরা হয়েছে যুক্তিসংগত এবং বাস্তবসম্মত।সমিতি আরও মনে করে, ঘাটতি বাজেটের সঙ্গে মূল্যস্ফীতি তেমন সম্পর্কিত না-ও হতে পারে, যদি ঘাটতি বাজেটের অর্থায়নে উৎপাদনশীল খাতগুলোকে অগ্রাধিকার দেওয়া যায়। এ দিকে সরকারকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।বাজেটে বিদ্যুৎ খাতকে রাষ্ট্রীয় জরুরি খাত হিসেবে ঘোষণা দিয়ে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনার যে কথা বলা হয়েছে, তার সুফল আগামী কয়েক মাসের মধ্যে দেখা দিতে শুরু করবে বলেও মনে করে অর্থনীতি সমিতি। নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ওপর আমদানি শুল্কহার শূন্য শতাংশ করা এবং পাশাপাশি কৃষি উৎপাদনে অধিকতর অগ্রাধিকার প্রদানের কারণে আশা করা যায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজারমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।এডিপি বাস্তবায়ন হার বাড়ানোর লক্ষ্যে সরকারি প্রস্তাবগুলো, পিপিপি বাস্তবায়নযোগ্য করার নিমিত্তে নীতিমালা প্রণয়ন, জেলাওয়ারি বাজেট প্রণয়নে বাধাগুলো দূরীকরণ, জেন্ডার সংবেদনশীল করার লক্ষ্যে সরকারি পদক্ষেপগুলো, সম্প্রসারণশীল বাজেট আকার, ইত্যাদি ক্ষেত্রে অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবকে অর্থনীতি সমিতি স্বাগত জানিয়েছে। সমিতি দেশের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের উৎপাদিত শস্য প্রাকৃতিক দুর্যোগে বিনষ্ট হওয়ার কারণে তাঁদের শস্যমূল্য সহায়তার জন্য কৃষি বিমা চালুর প্রস্তাবকে স্বাগত জানিয়ে এই সহায়তা কার্যক্রম ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের জন্য সম্প্রসারণের সুপারিশ করেছে। সমিতি আরও মনে করে, সরকারের দীর্ঘমেয়াদি বিভিন্ন উন্নয়ন প্রকল্প অর্থায়নে বন্ড বাজার উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করা প্রয়োজন। এর ফলে এক দিকে যেমন পুঁজিবাজারের ওপর নির্ভরশীলতা কমবে, অন্যদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (বিশেষত ব্যাংকগুলো) তাদের পোর্টফোালিও বৈচিত্র্যকরণে সক্ষম হবে।অর্থনীতি সমিতি বলছে, এ বছরের বাজেটে বেশ কিছু সাহসী এবং বাস্তবায়নযোগ্য পদক্ষেপ রয়েছে। এ কারণেই এ বছরের বাজেট আশা সঞ্চারণকারী দলিল।