আগামী অর্থবছরে ভিক্ষুক পুনর্বাসন, সমাজের সবচেয়ে অনগ্রসর জনগোষ্ঠী দলিত, বেদে ও হিজড়াদের জন্য বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। সব মিলে সামাজিক নিরাপত্তা ও ক্ষমতায়ন খাতে ২০১২-১৩ অর্থবছরে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ২২ হাজার ৭৫০ কোটি টাকা। অর্থমন্ত্রী গত বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় বলেছেন, সামাজিক নিরাপত্তা ও ক্ষমতায়ন কর্মসূচির ফলে দেশে দারিদ্র্য কমেছে, আয়বৈষম্য কমেছে, বেড়েছে শ্রমের মূল্য। গ্রামের ৩০ শতাংশ ও দেশের প্রায় ২৫ দশমিক ৩ শতাংশ পরিবার নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের আওতায় এসেছে। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় দরিদ্র অবহেলিত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানের সঙ্গে সঙ্গে সামাজিকভাবে এই মানুষগুলোর ক্ষমতায়নের ওপরে জোর দিয়েছেন। ২০১০ সালের খানা আয়-ব্যয় জরিপের উদাহরণ দিয়ে তিনি বলেছেন, দারিদ্র্যের হার আগের ৪১ শতাংশ থেকে কমে বর্তমানে ৩১ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে।ভাতা কার্যক্রমের পরিধি ও বরাদ্দ: ভিক্ষাবৃত্তি নিরসনে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমে অর্থবছরটিতে ১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সমাজের অনগ্রসর দলিত, হরিজন, বেদে ও হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে ১৪ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দের কথাও বলা হয়েছে। প্রতিবন্ধীদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচিতে ১৭০ কোটি রাখা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিবন্ধীদের শিক্ষায় সহায়তা করা হয়। ভবিষ্যতেও এই বরাদ্দ সমাজকল্যাণ মন্ত্রণালয়েই থাকবে, তবে এর প্রশাসনিক দায়িত্ব পালন করবে শিক্ষা মন্ত্রণালয়।সরকারি এতিমখানার জন্য ২৮ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের পাশাপাশি বেসরকারি এতিমখানার শিশুদের জন্য জনপ্রতি মাসিক এক হাজার টাকা করে ৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। সরকারি এতিমখানার শিশুরা বর্তমানে জনপ্রতি মাসিক খোরাকি পাচ্ছে দুই হাজার টাকা। আগামী অর্থবছরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়নে এক হাজার ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা রয়েছে।মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রমের আওতায় এক লাখ ৫০ হাজার সুবিধাভোগীর জন্য ৩৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যা এক লাখ এক হাজার ২০০ জনে উন্নীত করার জন্য ৪২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। পোশাকশিল্প শ্রমিক ও জেলা সদরের দরিদ্র স্তন্যদায়ী মায়ের সংখ্যা ৭৭ হাজার ৬০০ থেকে ৭৮ হাজার করার প্রস্তাব করা হয়েছে। এই মায়েদের মাসিক সাড়ে ৩০০ টাকা হারে ভাতা দেওয়া হচ্ছে। বিধবা ও স্বামী ছেড়ে যাওয়া নারীদের জন্য ৩৩১ কোটি ২০ লাখ টাকা ভাতা বরাদ্দের প্রস্তাব রয়েছে। ভিজিডি কর্মসূচির আওতায় আগামী অর্থবছরে সুবিধাভোগী বা সহায়তার পরিমাণ বাড়ানো হয়নি। তবে এ কর্মসূচি অব্যাহত রাখা হচ্ছে। বর্তমানে সাত লাখ ৫০ হাজার নারী মাসিক ৩০ কেজি করে দুই লাখ ৭১ হাজার মেট্রিক টন খাদ্য-সহায়তা পাচ্ছেন। অন্যদিকে ভিজিএফ কার্ডের সংখ্যা তিন কোটি ১১ লাখ থেকে তিন কোটি ৪২ লাখে উন্নীত করা হচ্ছে। বয়স্ক ভাতাভোগী কার্যক্রমে ২৪ লাখ ৭৫ হাজার ভাতাভোগীর জন্য ৮৯১ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। একটি বাড়ি একটি খামার প্রকল্প ও আশ্রয়ণ প্রকল্প দুটির জন্য ৬৫০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে।