সামাজিক বিপণন ও ভোক্তা সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সম্পদ সীমিত হলেও চ্যালেঞ্জের শেষ নেই। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলার একটি কার্যকর উপায় হতে পারে বিপণনকৌশল। বিশেষ করে, সামাজিক বিপণন। আর এই কাজে মানুষের সম্পৃক্ততা বাড়ানো গেলে সামাজিক উন্নয়নের গতি বেড়ে যাবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বিশ্ব বিপণন সম্মেলনে এমন মতই দিয়েছেন বিশ্বের প্রখ্যাত কয়েকজন বিপণন ও ব্র্যান্ডিং বিশেষজ্ঞ। সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার গণমাধ্যমের সামনে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের সোশ্যাল মার্কেটিং ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অ্যালান অ্যান্ড্রেসেন। তিনি বলেন, সামাজিক বিপণনের কৌশল নিয়ে নানা গবেষণা চলছে। বিপণনের মাধ্যমে কীভাবে সামাজিক সমস্যার সমাধান করা যায়, সেটা নিয়ে বিশ্বব্যাপী এখন আলোচনা চলছে। উন্নত দেশগুলোতে সামাজিক বিপণনচর্চার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হচ্ছে। উন্নয়নশীল দেশগুলোও চাইলে সামাজিক বিপণনের মাধ্যমে সামাজিক অনেক সমস্যার সমাধান করতে পারে।অ্যালান অ্যান্ড্রেসেন যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসেরও অধ্যাপক। তিনি সামাজিক বিপণনের প্রসঙ্গে বাংলাদেশের পরিবার পরিকল্পনার উদাহরণ দেন। বলেন, দীর্ঘদিন ধরে এ দেশে পরিবার পরিকল্পনার চর্চা হচ্ছে। এই কার্যক্রম মূলত জন্মনিরোধক বড়ি বিতরণকেন্দ্রিক। সাধারণ মানুষকে কম দামে বড়ি দেওয়া হচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যায়, সামর্থ্য থাকার পরও অনেকেই বড়ি পাচ্ছেন না। সরকারকে এই বড়ির সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে হবে। সরকারের জন্য এটি সামাজিক বিপণন বলে মন্তব্য করেন তিনি।অ্যালান বলেন, ‘বিভিন্ন সামাজিক সংগঠন অনেক সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে। এর অনেকগুলো ভালো। কিন্তু এই ধারণা সামাজিক বিপণনে ব্যবহার করা সম্ভব নয়। কারণ, সামাজিক উন্নয়নমূলক কর্মসূচিতে বলা হলো, সাবান দিয়ে হাত ধুলে জীবাণু থাকবে না। কিন্তু কেউ যদি সাবান দিয়ে হাত না ধোয়, তাহলে আমি কী করতে পারি? বাণিজ্যিক দিক থেকে এটা একটা বড় চ্যালেঞ্জ।’পরবর্তী চীন বা ভারত হবে বাংলাদেশ: একই দিন আরেক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের রাইস অ্যান্ড রাইস প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট লরা রাইস ব্র্যান্ডিংয়ের ওপর জোর দেন। তিনি বলেন, বর্তমান সময়ের প্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন ব্র্যান্ডিং তৈরির ক্ষেত্রে ঘাটতি দেখা যায়। কিন্তু ব্র্যান্ড তৈরি হচ্ছে কোনো প্রতিষ্ঠানের সফলতার প্রধান শর্ত। এই প্রসঙ্গে অ্যাপলের উদাহরণ দিয়ে তিনি বলেন, অ্যাপল খুব বড় প্রতিষ্ঠান ছিল না। কিন্তু এর বহুমুখী ব্র্যান্ডের কৌশল ছিল। যার কারণে দ্রুত এগিয়ে গেছে।লরা রাইস বলেন, কোনো পণ্যের প্রতি ভোক্তাদের আবেগ তৈরি করতে না পারলে তার সফল ব্র্যান্ডিং হবে না। আর এই আবেগ আসবে বিপণনব্যবস্থায় ভোক্তাদের সামাজিক সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়া হলে।বাংলাদেশকে বিশ্বের কাছে ব্র্যান্ডিং করা প্রসঙ্গে লরা বলেন, সারা বিশ্বই এখন চীন ও ভারতে কী হচ্ছে, তা জানতে আগ্রহী। আর এই অঞ্চলে অবস্থিত হওয়ায় বাংলাদেশের প্রতিও বিশ্বের আগ্রহ রয়েছে। চীন উৎপাদনশীল খাত ও ভারত প্রযুক্তি দিয়ে বিশ্ব মাত করছে। তেমনি বাংলাদেশের রয়েছে তৈরি পোশাক খাত। এটিকে ভালোভাবে ব্র্যান্ডিং করা গেলে বাংলাদেশ আগামী দিনের চীন অথবা ভারত হয়ে উঠতে পারবে।এই ব্র্যান্ডিং বিশেষজ্ঞ বলেন, উন্নয়নশীল দেশগুলোতে বেশ কিছু বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠান বিপণনের নৈতিকতা দিয়ে স্থানীয় মানুষের সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে।ভোক্তার সম্পৃক্ততা বাড়ানো: জার্মানভিত্তিক প্রতিষ্ঠান ম্যাককিনসে অ্যান্ড কোম্পানির ভারতীয় অংশীদার বর্ণিক চিত্রন মৈত্র বৃহস্পতিবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে বলেন, বিপণন সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তবে এ ক্ষেত্রে বিপণনটা মূলত সম্পৃক্ততা (এনগেজমেন্ট)। ব্যাপকভাবে মানুষকে সম্পৃক্ত করা গেলে বিপণনের ধরনই পাল্টে যাবে।বর্ণিক মৈত্র বলেন, কোনো একটা বিপণন ধারণা কেন ভালো, সেটা মানুষকে বোঝাতে হলে ওই ধারণার সঙ্গে তার সম্পৃক্ততা তৈরি করতে হবে। এটি করতে পারলে মানুষের মধ্যে আচরণগত পরিবর্তন আসবে। এর মধ্য দিয়ে সামাজিক উন্নয়ন হবে।ভবিষ্যৎ বিপণন কেমন হবে জানতে চাইলে বর্ণিক বলেন, ‘ভবিষ্যৎ বিপণন সম্পৃক্ততা আর কিছুই নয়। বিপণনে সব পর্যায়েই সম্পৃক্ততা থাকতে হবে। ভোক্তাকে খুশি করা হচ্ছে বিপণনের চূড়ান্ত লক্ষ্য। তবে তা প্রথাগত পদ্ধতিতে পণ্য বিক্রির মাধ্যমে নয়। সেটা করতে হবে, ভোক্তাদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে।’ভারতের সঙ্গে বাংলাদেশের বিপণনগত পার্থক্য লক্ষ করছেন কি না, জানতে চাইলে বর্ণিক বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বিপণনের তেমন পার্থক্য নেই। একেক দেশের বিপণনব্যবস্থা একেক রকম। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলোর বিপণনকাজে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার বেশি। ভারত ও বাংলাদেশে এটা কম। এদিক থেকে উপমহাদেশের বিপণন কিছুটা আলাদা।