
নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দরিদ্র মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনতে হবে। সামাজিক ব্যবসার মাধ্যমে এটি করা সম্ভব। শুধু কল্যাণমূলক কাজ কিংবা দাতব্য কাজে অর্থ ব্যয় করে এটি করা যাবে না।
ইউনূসের ভাষায়, ‘গরিব লোকদের বাঁচিয়ে রাখতে সাময়িকভাবে হয়তো কল্যাণমূলক কাজে অর্থ ব্যয় করা প্রয়োজন। কিন্তু তা দারিদ্র্য থেকে বের করে আনার টেকসই সমাধান নয়। এর চেয়ে একটি ব্যবসা করে পাঁচজনের কর্মসংস্থান করতে পারলে তাদের দারিদ্র্য থেকে বের করা সম্ভব। রাজনীতিকেরা কল্যাণকর কাজে অর্থ ব্যয় করতে বেশি পছন্দ করেন। কিন্তু দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্র্য থেকে বের করে আনতে মাথা ঘামান না।’
রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সামাজিক ব্যবসা ফোরাম-২০১৩-এর সমাপনী অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। গত শনিবার সারা দিন ধরেই এ ফোরামের অনুষ্ঠান চলে। এটি আয়োজন করে যৌথভাবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও প্রফেশনাল সোসাইটি ফর সোশ্যাল বিজনেস (পিএসএসবি)। এবারের সামাজিক ব্যবসা ফোরামের প্রতিপাদ্য ছিল ‘সামাজিক ব্যবসা: টেকসই ও উদ্ভাবনী ব্যবসার একটি হাতিয়ার’।
সামাজিক ব্যবসার এই প্রবক্তা বলেন, ‘সামাজিক ব্যবসা যে কেউ-ই করতে পারে।’
দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি ইউনিয়ন গঠিত হচ্ছে—এমন স্বপ্ন দেখেন মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘২০ বছর পর আমরা (বাংলাদেশ) কোথায় যাব? আমরা কি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুদ্ধ করতে থাকব? না, আমরা বন্ধুর মতো থাকব। আমাদের একসঙ্গে থাকতে হবে, এক হয়ে থাকতে হবে। যেমনটা থাকছে ইউরোপের দেশগুলো। তাদের ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে যেতে কোনো ভিসা-পাসপোর্ট লাগে না। আমরা কি তেমন একটি দক্ষিণ এশিয়ার ইউনিয়ন গড়ে তুলতে পারি না?’
তরুণদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘আমরাও আগামী দিনের বিশ্বের নেতা হব। কারণ, আমাদের আছে শক্তিশালী যুবসমাজ।’
অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিন উদ্দিন সরকার বলেন, ‘ড. ইউনূস একজন ওয়ার্ল্ড আইডল। বিশ্বের অনেক লোকই আছেন যাঁরা ড. ইউনূসকে চেনেন, কিন্তু বাংলাদেশকে চেনে না।’
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী, সাবেক চেয়ারম্যান এম এ হাশেম, সদস্য এম এ কাশেম, স্কুল অব বিজনেসের ডিন আবদুল হান্নান চৌধুরী, বাংলালিংকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শিহাব আহমেদ বক্তব্য দেন।