সামাজিক ব্যবসা দেশে দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হওয়া তিন দিনব্যাপী পঞ্চম বৈশ্বিক সামাজিক ব্যবসা সম্মেলনে উপস্থিত শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যরা ষ নাসির আলী মামুন
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হওয়া তিন দিনব্যাপী পঞ্চম বৈশ্বিক সামাজিক ব্যবসা সম্মেলনে উপস্থিত শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যরা ষ নাসির আলী মামুন

বৈশ্বিক সামাজিক ব্যবসা সম্মেলনের প্রথম দিনে সফলতার গল্প করলেন অংশগ্রহণকারীরা। রেইন ফরেস্ট রক্ষায় ব্রাজিল সামাজিক ব্যবসা পরিচালনা করছে। বনায়ন কর্মসূচিতে বিনিয়োগ করছে হাইতি। মালয়েশিয়া সামাজিক ব্যবসার জন্য জাতীয় তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। মানবকল্যাণে দেশে দেশে ছড়িয়ে পড়ছে সামাজিক ব্যবসা।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গতকাল বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী পঞ্চম বৈশ্বিক সামাজিক ব্যবসা সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের প্রথম দিনের শুরুতে নিজ দেশের সফলতার কথা এভাবেই বলেছেন অংশগ্রহণকারীরা। কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
৪০টি দেশের উন্নয়ন সহযোগী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিওর কর্মীসহ ৬০০ জন প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন।
নিজের উদ্ভাবিত সামাজিক ব্যবসা সম্পর্কে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেন, পুজিবাদী ব্যবস্থা একমুখী, শুধু মুনাফাই লক্ষ্য থাকে। আর সামাজিক ব্যবসায় রাষ্ট্রের মানুষের কল্যাণই মুখ্য। তিনি বলেন, নিজে অর্থবিত্ত ও সম্পদের মালিক হওয়া মানে সুখ (হ্যাপিনেস), আর অন্যকে সুখী করা মানে পরম সুখ (সুপার হ্যাপিনেস)।
শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশি এই অর্থনীতিবিদের সামাজিক ব্যবসা দর্শনকে দুনিয়াজুড়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে ২০০৯ সাল থেকে প্রতিবছর আন্তর্জাতিকভাবে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। ইউনূস সেন্টার, জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব ও ইয়ুথ ট্রাস্ট ফাউন্ডেশন (মাইহারাপান) যৌথভাবে এবারের সম্মেলনের আয়োজন করেছে।
সকালে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাবের প্রধান হ্যানস রাইটজ।
সামাজিক ব্যবসার সঙ্গে রাজনীতির সম্পর্ক প্রসঙ্গে ড. ইউনূস বলেন, মানুষের কল্যাণ ও রাজনীতি একসঙ্গে চলতে হবে। মানুষের কল্যাণেই রাজনীতিবিদদের যেকোনো সিদ্ধান্ত নিতে হবে।
হ্যান্স রাইটজ বলেন, সামাজিক ব্যবসা হলো ভবিষ্যৎ প্রজন্মের ব্যবসা। এটাকে এগিয়ে নিতে সৃজনশীল ধারণা নিয়ে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। আগামী বছরের সম্মেলনের আয়োজক হতে প্রস্তাব দিয়েছে মেক্সিকো, ব্রাজিল, ইন্দোনেশিয়া, বাহরাইন ও হংকং।
দেশে দেশে সামাজিক ব্যবসা: জাপানের অন্যতম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান সামাজিক ব্যবসার আওতায় কারিগরি খাতে বিনিয়োগ করবে। প্রতিষ্ঠানটি কিয়োশো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ বিনিয়োগে যাবে। তথ্যটি জানিয়েছেন কিয়োশো বিশ্ববিদ্যালয়ের ভাইস এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হিরোতো ইউশোরা। তিনি জানান, জাপানের তরুণদের মধ্যে সামাজিক ব্যবসার ধারণা প্রসারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল বিজনেস সেন্টার স্থাপন করা হয়েছে।
ব্রাজিলের ইউনূস সোশ্যাল বিজনেস নামের প্রতিষ্ঠানটি আগামী ফেব্রুয়ারি মাসে পারা প্রদেশের আমাজন অঞ্চলের রেইন ফরেস্ট রক্ষায় সামাজিক ব্যবসা শুরু করবে। এতে যৌথভাবে বিনিয়োগ করবে ইউএসএইড। ইউনূস সোশ্যাল বিজনেস, ব্রাজিলের কান্ট্রি ডিরেক্টর রোজারিও অলিভিয়েরা জানালেন তথ্যটি। তিনি আরও জানান, তাঁদের পরিবেশ ও কৃষিপণ্য বাজারজাতকরণ খাতে যুক্তরাষ্ট্রের ৮-১০টি প্রতিষ্ঠান সামাজিক ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী।
অন্যদিকে মালয়েশিয়ায় যুবসমাজকে সামাজিক ব্যবসায় উৎসাহিত করতে জাতীয় তহবিল গঠনের কথা জানান ইয়ুথ ট্রাস্ট ফাউন্ডেশনের (মাইহারাপান) প্রধান নির্বাহী কর্মকর্তা নূরিফারিনি দিয়াং।
তবে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন বাহরাইনের সামাজিক উন্নয়নমন্ত্রী ফাতিমা আল রারোশি। তিনি মত দেন, সামাজিক বঞ্চনার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে ‘আরব বসন্ত’ চলছে, মানুষে মানুষে হানাহানি চলছে, সামাজিক ব্যবসার মাধ্যমে তার সমাধান করা যেত।
ইউনূস সোশ্যাল বিজনেসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাসকিয়া ব্রুইস্টেইন বলেন, ক্যারিবীয় দেশ হাইতিতে পরিবেশ রক্ষায় সামাজিক ব্যবসা কার্যক্রম নেওয়া হয়েছে।
অধিবেশনে যুক্তরাজ্যভিত্তিক শিল্পগোষ্ঠী ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রানসন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জানান, হাইতিতে বনায়ন কর্মসূচিতে আগামী কয়েক বছরে ১০ হাজার হেক্টর ভূমি নেওয়া হবে।
এ অধিবেশনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন নোবেল বিজয়ী ও সামাজিক ব্যবসার প্রবক্তা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, পুঁজিবাদী ব্যবস্থা সমাজের ভারসাম্য রক্ষা করতে পারছে না। পুঁজিবাদী ব্যবস্থায় একমুখী লক্ষ্য থাকে, শুধু মুনাফার জন্য। তাই সামাজিক ব্যবসার মাধ্যমে সমাজের অসংগতিগুলো দূর করা সম্ভব। তিনি জানান, এখন আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও ইউএসএইডের মতো রক্ষণশীল প্রতিষ্ঠানগুলো সামাজিক ব্যবসায় বিনিয়োগ করছে। বিশ্বমন্দার প্রেক্ষাপটে জনকল্যাণমূলক সুইডেনও এখন সামাজিক ব্যবসায় আগ্রহী হয়েছে।