চতুর্থ সামাজিক ব্যবসা সম্মেলন সমাপ্ত
সামাজিক ব্যবসা বিকাশে তরুণদের সৃজনশীলতা প্রয়োগের আহ্বান
ব্রাজিল থেকে আসা ১৪ বছরের কিশোরী জুলিয়ানা পন্টেস সামাজিক ব্যবসার ধারণা নিয়ে খুব উৎসাহিত। সে তার দেশে পরিবেশগত সমস্যা সমাধানে এই ধারণা প্রয়োগ করতে আগ্রহী। এ জন্য খোদ রাষ্ট্রীয় পর্যায় থেকে সমর্থন পাচ্ছে সে। তার বাবা ব্রাজিলের পারা প্রদেশের ভাইস গভর্নরও যোগ দিয়েছেন চতুর্থ বৈশ্বিক সামাজিক ব্যবসা সম্মেলনে। পারা প্রদেশ ব্রাজিলের আমাজান অঞ্চলে অবস্থিত। সেখানকার পরিবেশ-প্রতিবেশ সুরক্ষা ও গরিব মানুষের জীবনের উত্তরণ ঘটানোর জন্য ইতিমধ্যে সরকার সামাজিক ব্যবসা চালুর সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে পারার স্টেট ব্যাংক ৫০ থেকে ৮০ লাখ ডলারের তহবিল দেবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অস্ট্রিয়া সেন্টারে সম্মেলনের সমাপনী দিনে গত শুক্রবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে পারা প্রদেশের ভাইস গভর্নর হেলেনিলসন পোনটেস এসব তথ্য জানান। তিনি আরও জানান, ক্ষুদ্রঋণ কার্যক্রম চালু করার জন্য তাঁরা বাংলাদেশের গ্রামীণব্যাংকের মডেল অনুসরণ করবেন। এ জন্য কাজও শুরু হয়েছে। ভারতের হায়দরাবাদের বিআইটিএস থেকে রসায়নে অধ্যয়নরত দ্বিতীয় বর্ষের ছাত্র নারায়ণ কৃষ্ণ যোগ দিয়েছেন সামাজিক ব্যবসা সম্মেলনে। কারণটা আর কিছুই না। তিনি সামাজিক ব্যবসার ধারণাটিকে অত্যন্ত আকর্ষণীয় মনে করেন। প্রথম আলোর সঙ্গে আলাপকালে নারায়ণ জানালেন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা। বললেন যে স্নাতক পর্বের পাঠ চুকিয়ে কোনো একটা প্রতিষ্ঠানে যোগ দেবেন কাজের অভিজ্ঞতা নেওয়ার জন্য। এর মাঝেই ব্যবসায় প্রশাসনে অধ্যয়ন করবেন। তারপর নিজের একটা প্রতিষ্ঠান খুলবেন। নারায়ণ বললেন, ‘প্রথমে ভালো মুনাফা আসবে—এমন ব্যবসাই শুরু করব। এরপর সেই মুনাফার টাকা বিনিয়োগ করব একটা সামাজিক ব্যবসায়। সামাজিক ব্যবসার মুনাফা বা লভ্যাংশটা আবার এই ব্যবসাতেই বিনিয়োগ হবে। এভাবে সামাজিক ব্যবসাটাকে বড় করব।’নারায়ণের কাছে সামাজিক ব্যবসার মূল দর্শনটাও খুব পরিষ্কার। এই ব্যবসার উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা ব্যবসার মুনাফা বা লভ্যাংশ গ্রহণ করতে পারেন না। আর এই নীতি কঠোরভাবে অনুসরণ করা না হলে প্রকৃত সামাজিক ব্যবসা রূপ নেয় না। তবে উদ্যোক্তা বা বিনিয়োগকারীরা শুধু তাঁদের মূল বিনিয়োগ করা অর্থ ফেরত নিতে পারেন। এর বাইরে অন্য কোনো কিছু গ্রহণ করার সুযোগ নেই। আর মুনাফা প্রতিষ্ঠানের সম্প্রসারণে পুনর্বিনিয়োগ করা হয়। সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবসার পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে সামাজিক ব্যবসা এগিয়ে যায়। প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ভারতসহ সারা বিশ্বের তরুণ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা বলেও মনে করেন নারায়ণ। তিনি বলেন, ‘ইউনূস এখন বাংলাদেশের বা দক্ষিণ এশিয়ার মানুষ নন। ইউনূস এখন বৈশ্বিক মানুষ। সে জন্যই আমি ও আমার মতো আরও অনেকে এখানে এসেছি।’এবারের বৈশ্বিক সামাজিক ব্যবসা সম্মেলনে এভাবেই বিভিন্ন দেশ থেকে আগত তরুণ-তরুণীদের একাধারে উচ্ছ্বসিত ও উৎসাহিত দেখা গেল। পুরো সম্মেলনস্থলে তাঁদের সক্রিয়তা ছিল নজর কাড়ার মতো। আর তাই শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক সমাপনীতে তরুণদের উদ্ভাবনীক্ষমতা ও সৃজনশীলতা বিকাশের জোর আহ্বান জানানো হলো।আরও জানানো হলো, আগামী বছর নভেম্বর মাসে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পঞ্চম বৈশ্বিক সম্মেলনটি হবে। ভিডিও বার্তায় দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণটিও প্রচার করা হলো।সম্মেলনের সমাপনী আলোচনার প্রতিপাদ্য ছিল এ বছর ইউরোপের ইউনিয়নের শান্তিতে নোবেল পুরস্কার অর্জন ও সামাজিক ব্যবসা। এই পর্বে প্রফেসর ইউনূস বলেন, ‘ইউরোপকে আর্থিক সংকট মোকাবিলায় সাময়িক সমাধানের দিকে মনোযোগ কমিয়ে দীর্ঘস্থায়ী সমাধানে জোর দিতে হবে। তা ছাড়া কোনো কাজ হবে না।’ আনুষ্ঠানিক সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলনের প্রধান হ্যান্স রাইটজ। জার্মানির গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব এই সম্মেলনের মূল আয়োজক। শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা দর্শনকে দুনিয়াজুড়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে ২০০৯ সাল থেকে প্রতিবছর আন্তর্জাতিকভাবে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এবারের সম্মেলনে সারা বিশ্ব থেকে ৬০০ জনের বেশি গবেষক ও বিশেষজ্ঞসহ রাষ্ট্রীয় নীতিনির্ধারক, ব্যবসায়ী, শিক্ষাবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি অংশ নেন।