আগামী দিনে বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার প্রসার ঘটবে এবং এটি উল্লেখযোগ্য স্থান করে নিতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। মুহাম্মদ ইউনূস আরও বলেন, লোকসান নয়, লাভও নয়—এ ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা সামাজিক ব্যবসার জন্য বিশ্বের কয়েকটি দেশে সামাজিক ব্যবসা তহবিল গঠিত হয়েছে। আরও কিছু তহবিল গঠনের প্রক্রিয়ায় রয়েছে। ইউনূসের মতে, সামাজিক ব্যবসা সমাজের অনেক অসংগতি দূর করতে ভূমিকা রাখতে পারে। তবে এ জন্য পরার্থপর মানসিকতা এবং মুনাফা না করার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত মাসিক মধ্যাহ্নভোজ সভায় ‘সামাজিক ব্যবসা’ নিয়ে এক বক্তৃতায় মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। সভায় স্বাগত বক্তব্য দেন অ্যামচেমের সভাপতি আফতাব-উল ইসলাম। এ সময় ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জন ডানিলোইক্জ, অ্যামচেমের সহসভাপতি খালিদ হাসান ও নির্বাহী পরিচালক এ গফুর উপস্থিত ছিলেন। মুহাম্মদ ইউনূস বলেন, প্রচলিত ব্যবসা বলতে টাকা বানানোকেই বোঝানো হয়। প্রাচীনকালে বাট্টা বা বিনিময় প্রথার মাধ্যমে লেনদেন হতো। কারও কাছে চাল, আবার কারও কাছে মাছ রয়েছে। যার চাল প্রয়োজন সে মাছ দিয়ে চাল নিল, আবার যার মাছ আছে সে চাল নিল। এভাবেই চলত লেনদেন। আর সেখান থেকেই বাণিজ্যের শুরু। সেই সঙ্গে শুরু মুনাফা সৃষ্টির ব্যবসা। কিন্তু মুনাফার জন্য ব্যবসা আদর্শিক নিয়মাচার মেনে চলে না।নিজের ব্যাপারে ইউনূস বলেন, ‘আমি নিজে কখনো মুনাফার কথা চিন্তা করে ব্যবসা করিনি।’ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘আমি চাইলে নিজে একটি ব্যাংক বানিয়ে টাকা কামাতে পারতাম। কিন্তু আমি সেটা করিনি। গ্রামীণ ব্যাংক পরিবারে ৫০টির মতো প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এর কোনোটিতেই আমার অংশীদারি নেই।’ ইউনূস আরও বলেন, ‘যখন গ্রামীণফোন পুঁজিবাজারে তালিকাভুক্ত হলো, তখন অনেকেই আমাকে এর শেয়ার কেনার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু আমি আগ্রহ দেখাইনি।’নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বলেন, ‘এর আগে সামাজিক সচেতনতা নিয়ন্ত্রিত ব্যবসার কথা সেভাবে আলোচিত হয়নি। এটা ছিল হারানো সুযোগ, যা দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। সেখান থেকেই এ ভাবনাটি আমার মধ্যে আসে।’ বিশেষ করে, বিশ্ব অর্থনৈতিক মন্দার পর স্পেন, পর্তুগাল ও গ্রিসে ব্যাপক বেকারত্ব দেখা দেওয়ার ভাবনাটি আরও জোরালো হয় বলে জানান তিনি। ইউনূস বলেন, প্রচলিত ব্যবসায় মানুষকে কেবল মুনাফা তৈরির হাতিয়ার হিসেবে ভাবা হয়। এটি একটি ত্রুটিপূর্ণ ভাবনা। কারণ, মানুষ রোবট নয়। প্রকৃত মানুষ একমাত্রিকও নয়। তার বহু মাত্রা রয়েছে, যেটা অর্থনৈতিক তত্ত্বে সেভাবে আনা হয়নি। ইউনূসের মতে, মানুষের মধ্যে যেমন স্বার্থপরতা রয়েছে, তেমনি সে পরার্থপরও বটে। সামাজিক ব্যবসা হলো সেই পরার্থপর ব্যবসা, যে ব্যবসায় উদ্যোক্তা নিজের জন্য মুনাফা করবে না। ইউনূস ব্যাখ্যা করে বলেন, সামাজিক ব্যবসার মূল বিষয় হলো, এ ব্যবসা থেকে উদ্যোক্তারা কোনো ধরনের লাভ নেবেন না এবং এটি হবে টেকসই ও সমস্যা সমাধানের জন্য। মুনাফাভোগী ব্যবসায় সমাজের অসংগতিগুলো চোখে পড়ে না। কিন্তু সামাজিক ব্যবসা সেটি দেখতে পারে। তবে প্রচলিত ব্যবসার সঙ্গে প্রতিযোগিতা করেই সামাজিক ব্যবসা টিকে থাকবে। এ জন্য বিশেষ পরিবেশ সৃষ্টির কোনো প্রয়োজন নেই বলে মনে করেন ইউনূস। এমনকি এ ব্যবসার জন্য কর অব্যাহতি বা কোনো গ্রিন চ্যানেলেরও দরকার নেই। কারণ এ ধরনের সুবিধা দেওয়া হলে এর অপব্যবহারের আশঙ্কা রয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর প্রশংসনীয় উদ্যোগ ছিল উল্লেখ করে ইউনূস বলেন, কিন্তু বিভিন্ন কোম্পানির জনসংযোগ বিভাগ এটিকে সংশ্লিষ্ট কোম্পানির ভাবমূর্তি বাড়ানোর কাজে লাগাতে শুরু করেছে। ফলে সিএসআরের অর্থ কোম্পানির উন্নয়নমূলক অর্থে পরিণত হয়েছে। এক প্রশ্নের জবাবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস বলেন, ক্ষুদ্রঋণ এখন কেবল বাংলাদেশের ব্যাপার নেই, এটি আন্তর্জাতিক বিষয়ে পরিণত হয়েছে। তাই তাঁর অনুপস্থিতিতে ক্ষুদ্রঋণ নেতৃত্বে কোনো প্রভাব পড়বে না বলেই মনে করেন তিনি।