সামাজিক ব্যবসার নতুন বই

সামাজিক ব্যবসার ওপর নতুন একটি বই প্রকাশিত হয়েছে। বইয়ের নাম সামাজিক ব্যবসার শক্তি। গতকাল রোববার রাজধানীর ইউনূস সেন্টার কার্যালয়ে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বইটির মোড়ক উন্মোচন করেন। বইয়ের লেখক ইউনূস সেন্টারেরই মহাব্যবস্থাপক এম এফ এম আমীর খসরু।
আমীর খসরু দীর্ঘদিন মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন। বইটিতে সামাজিক ব্যবসার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন: সামাজিক ব্যবসা ও তার বিশ্লেষণ, গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসা, নবীন উদ্যোক্তা, সামাজিক ব্যবসার তহবিল, বিশ্ব অর্থনীতিতে সামাজিক ব্যবসার প্রভাব, সোশ্যাল বিজনেস ডিজাইন ল্যাব এবং সামাজিক ব্যবসার বিবিধ কার্যক্রম। বইটি সামাজিক ব্যবসার ছাত্র, শিক্ষক, গবেষক তথা সামাজিক ব্যবসায় আগ্রহী ব্যক্তিদের জন্য বিশেষভাবে উপযোগী হবে বলে মনে করা হচ্ছে। ঢাকার সব উল্লেখযোগ্য বইয়ের দোকানে অনন্যা প্রকাশনীর প্রকাশিত এ বই পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।