জাপানের শীর্ষস্থানীয় কৃষিজাত পণ্য উৎপাদনকারী ইউকিগুনি মাইতাকের সঙ্গে গ্রামীণ কৃষি ফাউন্ডেশন সম্পৃক্ত হওয়ায় মধ্য দিয়ে সামাজিক ব্যবসায় একটি নতুন দিক উন্মোচিত হলো। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেও এটি নতুন মাত্রা যুক্ত করবে। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ ইউনূস গতকাল বুধবার এ মন্তব্য করেছেন। রাজধানীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ইউকিগুনি মাইতাকে কোম্পানি লিমিটেডের (ওয়াইএমসি) সঙ্গে গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।সামাজিক ব্যবসার আওতায় জাপানি প্রতিষ্ঠানটির সঙ্গে যৌথ বিনিয়োগে উন্নতজাতের মুগ ডাল উৎপাদন করবে গ্রামীণ কৃষি ফাউন্ডেশন। প্রাথমিকভাবে রংপুর ও দিনাজপুরের ৫০০ একর জমিতে এ রবিশস্য উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। জাপানে কৃষিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর শীর্ষ তালিকায় রয়েছে ইউকিগুনি মাইতাকে কোম্পানি। মাশরুম উৎপাদনের জন্য ইতিমধ্যেই বিশেষ খ্যাতি লাভ করেছে প্রতিষ্ঠানটি। প্রতিবছর প্রতিষ্ঠানটি ৫০ হাজার টন মাশরুম ও রবিশস্য উৎপাদন করে। ২০০৮ সালে ৬০০ কোটি ডলার আয় করেছিল ওয়াইএমসি। গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের সঙ্গে মাইতাকে গতকাল যে চুক্তি সই করেছে তার আওতায় ২০১১ সাল থেকে মুগ ডাল উৎপাদন শুরু হবে। উৎপাদিত শস্যের ৬০ থেকে ৭০ শতাংশ জাপানে রপ্তানি করা হবে। বাকি ৩০ থেকে ৪০ শতাংশ বিক্রি হবে বাংলাদেশে। অনুষ্ঠানে ইউনূস বলেন, সামাজিক ব্যবসার আওতায় জাপানের সঙ্গে প্রথম সহযোগিতা প্রতিষ্ঠিত হলো। এই প্রকল্পের মূল লক্ষ্য হবে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি জাপানে রপ্তানির জন্য উন্নতজাতের মুগ ডাল উৎপাদন। এর মাধ্যমে পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি জমির উর্বরতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কারণ, অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে এ দেশের জমির উৎপাদন কমেছে। আমরা আশা করব, ওয়াইএমসির সঙ্গে গ্রামীণের এই প্রকল্পে মুগ ডাল উৎপাদন এই সমস্যা সমাধানে ভূমিকা রাখবে। ইউনূস আরও জানান, প্রকল্পটি বাস্তবায়নে জাপানের কিয়ুশু বিশ্ববিদ্যালয় বিশেষ অবদান রেখেছে। এ জন্য তিনি ওই প্রতিষ্ঠানকে ধন্যবাদ দেন।ওয়াইএমসির প্রেসিডেন্ট ইয়োশিনবু ওদাইরা বলেন, ‘আজকের এই দিনটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। চার বছর আগে এই দিনে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন মোহাম্মদ ইউনূস। গ্রামীণের সঙ্গে সামাজিক ব্যবসার অংশীদার হতে পেরে ওয়াইএমসি গর্বিত। নিরাপদ ও সুস্বাদু মুগ ডাল উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের দরিদ্র কৃষকদের জন্য আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব।’ কিয়ুশু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাশাহারু ওকাডা বলেন, ‘গ্রামীণ কৃষি ও ওয়াইএমসির সামাজিক ব্যবসা প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়াটা আমাদের জন্য গর্বের। ভবিষ্যতে জাপানের আরও কিছু প্রতিষ্ঠানকে গ্রামীণের সামাজিক ব্যবসার সঙ্গে যুক্ত করার ব্যাপারে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ। প্রসঙ্গত, জাপানের সঙ্গে গ্রামীণের সামাজিক ব্যবসা উদ্যোগটি প্রতিষ্ঠার মূল লক্ষ্য কৃষক, বিশেষ করে গ্রামীণ নারীদের আয় বাড়ানো। কৃষিকাজে যুক্ত এসব নারী মুগ ডাল রপ্তানির সঙ্গে যুক্ত হবেন। সামাজিক ব্যবসার এ প্রকল্পের সঙ্গে যুক্ত নারীদের সন্তানদের স্বাস্থ্যসেবার পাশাপাশি শিক্ষাবৃত্তি দেওয়া হবে। কৃষিজীবীদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করানোটাও এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।