সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হচ্ছে বিএসএসএফ
অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সক্রিয় হতে যাচ্ছে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন (বিএসএসএফ)। ফেডারেশন ফেসবুক, টুইটার, গুগল প্লাস ও ইউটিউবে ‘পেজ’ এবং অ্যাকাউন্ট খুলবে। এ লক্ষ্যে সলিউশন থ্রিসিক্সটি লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বিএসএসএফ।
বিএসএসএফের মহাসচিব ইন্তেখাবুল হামিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৫ ডিসেম্বর ফেডারেশন পক্ষে মহাসচিব ইন্তেখাবুল হামিদ এবং সলিউশন থ্রিসিক্সটি লিমিটেডের পক্ষে পরিচালক সৈয়দ আসিফ ইকবাল একটি চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী ফেডারেশনের ওয়েবসাইট (www.bssf.com.bd) ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ বা অ্যাকাউন্ট পরিচালনা, রক্ষণাবেক্ষণ, উন্নয়ন এবং পরিচালনার দায়িত্ব পালন করবে থ্রিসিক্সটি লিমিটেড।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসএসএফের সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী, জ্যেষ্ঠ সহ সভাপতি শেখ আকরাম আলী, কোষাধ্যক্ষ এম কায়সারুল ইসলাম, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।