পোশাকশিল্পে উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে মালিক-শ্রমিক সম্পর্কের উন্নয়ন করতে হবে। আর এ জন্য এই দুই পক্ষের মধ্যে সামাজিক সংলাপের আয়োজন করা জরুরি।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত ‘সামাজিক সংলাপের ভিত্তিতে শ্রম সম্পর্ক উন্নয়ন’ শীর্ষক একটি পরামর্শমূলক সভা ও কর্মশালায় এই মত উঠে এসেছে। ঢাকার একটি হোটেলে গতকাল মঙ্গলবার সভাটি অনুষ্ঠিত হয়। এতে আইএলওকে সহযোগিতা করেছে ডেনমার্ক ও নরওয়ে সরকার।
সভায় জানানো হয়, মালিক– শ্রমিক সম্পর্ক উন্নয়নে ‘সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের কর্মপরিবেশ উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে আইএলও। এটি বাস্তবায়নে সহযোগিতা করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ), বিজিএমইএ, ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশন (এনসিসিডব্লিউই) ও ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইসিবি)।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা ও গাজীপুরের কারখানাগুলোতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে ১০০টি কারখানায় মালিক-শ্রমিক-কর্মচারীদের মধ্যে উন্মুক্ত আলোচনার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া আরও ২০০টি কারখানায় শ্রমিকদের ক্ষোভ প্রশমনে কর্মশালার আয়োজন করা হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, মালিক-শ্রমিকের সম্পর্ক স্বাভাবিক না হলে কাঙ্ক্ষিত শিল্পোন্নয়ন কখনোই সম্ভব নয়। তিনি আরও বলেন, মালিকেরা শ্রমিকদের প্রতি বিমাতাসুলভ হলে ব্যবসা টেকসই হবে না।
আইএলওর এশিয়া–প্যাসিফিক অঞ্চলের পরিচালক তমোকো নিশিমোতো বলেন, বৃহৎ পরিসরে সামাজিক সংলাপ হলে মালিক-শ্রমিক উভয় পক্ষই লাভবান হবে।
সভায় শ্রমসচিব মিকাইল শিপার, বাংলােদশে আইএলওর পরিচালক শ্রীনিবাস রেড্ডি, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম ও এনসিসিডব্লিউইয়ের চেয়ারম্যান আবদুল মুকিত বক্তব্য দেন।