অতিদরিদ্রদের রাষ্ট্রীয় সুবিধা দিতে জাতীয় সামাজিক সুরক্ষা কৌশল প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য একটি কর্মপন্থার খসড়া তৈরি করা হয়েছে। এই কর্মপন্থার খসড়া গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় এবং এর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনায় বলা হয়েছে, কৌশলটি চূড়ান্ত করার আগে সরকারি-বেসরকারি সব পক্ষের সঙ্গে মত নেওয়া প্রয়োজন। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আর প্রস্তাবটি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে পুরো প্রক্রিয়াটি নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশনের (পিপিআরসি) প্রধান হোসেন জিল্লুর রহমান এবং খসড়া প্রণয়নে জড়িত দলের প্রধান ডেভিড হিউম দুটি প্রবন্ধ উপস্থাপন করেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচি কার্যকর করতে হোসেন জিল্লুর রহমান তাঁর কৌশলে নতুন তিনটি বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন তিনি। এগুলো হলো: পুষ্টি কর্মসূচি, স্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধি ও শহর এলাকায় দারিদ্র্য বিমোচন। ডেভিড হিউম কৌশল প্রণয়নের জন্য এখনই একটি টাস্কফোর্স গঠন ও একটি সচিবালয় স্থাপনের প্রস্তাব দেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভূঁঞা বলেন, এই কর্মসূচিগুলোর প্রধান চ্যালেঞ্জ হলো সুবিধাভোগীদের চিহ্নিত করা। সরকারের মূল লক্ষ্য হলো ক্রমান্বয়ে দরিদ্র মানুষকে দারিদ্র্যসীমার ওপরে নিয়ে আসা আর সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় কমানো। কৌশল প্রণয়নে অন্য দেশের অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। ইউএনডিপির আবাসিক পরিচালক স্টিফেন প্রিজনার বলেন, কার্যকর কৌশল নির্ধারণ করা গেলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল পাওয়া যাবে। কেননা এখনো বাংলাদেশে এক-তৃতীয়াংশ পরিবার দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, শহরের দারিদ্র্য বিমোচনকে প্রাধান্য দেওয়া উচিত। আর প্রস্তাবিত কৌশলটি দেখলে মনে হয়, এটি শুধু গ্রামের দরিদ্র মানুষের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে তৈরি করা হয়েছে। তিনি আদিবাসী জনগোষ্ঠীকে এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করার পরামর্শ দেন। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রাজনীতিমুক্ত একটি কৌশল হওয়া উচিত। এ জন্য সব পেশা-শ্রেণীর মত নিয়ে এটা চূড়ান্ত করার পরামর্শ দেন তিনি। আলোচনায় আরও অংশ নেন পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রঞ্জিত কুমার বিশ্বাস, জিইডির প্রধান ফখরুল আহসান, প্রমুখ। এতে সভাপতিত্ব করেন জিইডির সদস্য শামসুল আলম।