সামাজিক সুরক্ষা কৌশলের খসড়ার সমালোচনায় মন্ত্রীরা
জাতীয় সামাজিক সুরক্ষা কৌশলের খসড়ার তীব্র সমালোচনা করেছেন বেশ কয়েকজন মন্ত্রী। তাঁরা হলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) প্রণীত জাতীয় সামাজিক সুরক্ষা কৌশলের (এনএসপিএস) ওপর আলোচনা করতে গিয়ে গতকাল রোববার সংশ্লিষ্ট মন্ত্রীরা এ সমালোচনা করেন। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর মতামত দিতে গিয়ে বলেন, খসড়ায় ৫০ শতাংশ মানুষকে সামাজিক সুরক্ষার আওতায় আনার পরিকল্পনাটি যৌক্তিক নয়। খসড়াটি বেশি তাত্ত্বিক হয়ে গেছে।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সঙ্গে আরও সমন্বয় করার তাগিদ দিয়ে মুহিত বলেন, বর্তমানে তিনভাবে সামাজিক সুরক্ষা দেয় রাষ্ট্র। বয়োজ্যেষ্ঠ বা ভিক্ষুক, প্রতিবন্ধী এবং অবসরভোগীরা এসব সুবিধা পান। মূলত দারিদ্র্য কমাতেই এ উদ্যোগ।
আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এ খসড়ার অনেক অংশ রুয়ান্ডার সামাজিক সুরক্ষা কৌশল থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে। আমরা কেন রুয়ান্ডা থেকে ধার করব? রুয়ান্ডাই আমাদের অনুকরণ করতে পারে।’ তাঁর মতে, এ দেশের কতটি পরিবারের মাত্র একটি ঘর রয়েছে, মা-বোনেরা সারা বছর একটিমাত্র কাপড় পরিধান করে থাকে—সে বিষয়গুলো জাতীয় সামাজিক সুরক্ষা কৌশলে প্রাধান্য দেওয়া উচিত।
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী বলেন, এ ধরনের সামাজিক নিরাপত্তা কৌশল প্রণয়নে রাজনীতিবিদ, আমলাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত। তাঁর মতে, গরিব মানুষকে নগদ অর্থ দিলে তারা ক্ষমতাসীন সরকারের প্রশংসা করে।
প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান মত দেন, খাদ্যভিত্তিক নিরাপত্তা থেকে নগদ অর্থ প্রদানের দিকে বেশি গুরুত্ব দিতে হবে। তিনি পৃথক মন্ত্রণালয় গঠনের সুপারিশের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, খসড়ায় ৫০ শতাংশ জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু এটা ৩৩ শতাংশের বেশি হওয়া উচিত নয়। তিনি কম লোককে বেশি সুরক্ষা দেওয়ার পক্ষে মত দেন।
পরিকল্পনামন্ত্রীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাতীয় সামাজিক সুরক্ষা কৌশল খসড়াটি উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের জিইডি সদস্য শামসুল আলম।
মন্ত্রীদের সঙ্গে আলোচনা পর্ব শেষ হওয়ার পর সভায় আর গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকতে দেওয়া হয়নি। তবে সভাসূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা অভিযোগ করেন যে খসড়ায় তাঁদের বেশির ভাগ সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়নি।
খসড়ায় যা আছে: খসড়াটি ২০১৫ সাল থেকে বাস্তবায়নের কথা রয়েছে। খসড়ায় বলা হয়েছে, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ শতাংশ অর্থ সামাজিক সুরক্ষায় খরচ করা হবে। ২০১০-১১ অর্থবছরে জিডিপির আড়াই শতাংশ পর্যন্ত খরচ হয়েছে। সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে সামাজিক উন্নয়ন নামে নতুন মন্ত্রণালয় গঠনের সুপারিশ করা হয়েছে খসড়ায়।
খসড়ায় আরও বলা হয়েছে, বর্তমানে সামাজিক সুরক্ষার জন্য ৩০টির বেশি সংস্থা ৯৫টি কর্মসূচি বাস্তবায়ন করছে, যার মধ্যে বেশ কয়েকটি একই ধরনের, জটিল ও অপর্যাপ্ত। খসড়ায় সুবিধাভোগীদের আর্থিক সহায়তা আরও বাড়ানোর সুপারিশ করা হয়েছে।