আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে জনকল্যাণ ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর যে প্রস্তাব রাখা হয়েছে, সেটাকে ইতিবাচক উদ্যোগ বলে মনে করেন অর্থনীতিবিদ ও অর্থনীতি বিষয়ে কাজ করা গণমাধ্যম ব্যক্তিত্বরা। তবে নতুন বাজেটের সার্বিক ব্যবস্থাপনা ও বাস্তবায়ন সম্পর্কে তাঁরা বলেন, এই উদ্যোগ সফল করতে সুশাসনের পাশাপাশি শক্তিশালী তদারকি ব্যবস্থা নিশ্চিত করাও জরুরি।
রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমবিষয়ক প্রতিষ্ঠান ‘সমষ্টি’ আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার ৫০ জন প্রতিনিধি অংশ নেন।
মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. হেলাল উদ্দিন বলেন, বিগত বছরগুলোর তুলনায় এবারের বাজেটে জনকল্যাণ ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে। তবে চ্যালেঞ্জ হলো যথাযথ তদারকি ও বিনিয়োগের গুণগত মান নিশ্চিত করা।
যুগান্তর-এর সহকারী সম্পাদক শুচি সৈয়দ শুচি সৈয়দ বলেন, রাজস্ব আদায় করতে গিয়ে জনকল্যাণ ও সামাজিক সুরক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সমকাল-এর সম্পাদকীয় বিভাগের প্রধান অজয় দাশগুপ্ত সামাজিক সুরক্ষা কার্যক্রমগুলো বাস্তবায়নের ক্ষেত্রে ঝুঁকি ব্যবস্থাপনায় বেশি নজর দেওয়ার আহ্বান জানান।
‘আমরা যেভাবে এগোচ্ছি তাতে আরও ভালো কিছুর চিন্তা করতে পারি’—এমন মন্তব্য করে একাত্তর টিভির বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মতো জায়গাগুলোতে রাষ্ট্র এখন শতভাগ দায়িত্ব নেওয়ার মতো সক্ষমতা অর্জন করেছে।
সেমিনারে আরও বক্তব্য দেন ডেভেলপমেন্ট সিনার্জি ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মনোয়ার মোস্তফা। বিজ্ঞপ্তি