সামাজিক সুরক্ষায় সুপ্রসন্ন অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক সুরক্ষায় বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেছেন, আগামী বাজেটে দুস্থ, অবহেলিত, সমস্যাগ্রস্ত ও পশ্চাৎপদ মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও জোরদার করছেন তিনি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ডিজিটাল পদ্ধতিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, প্রত্যেক প্রতিবন্ধীকে পরিচয়পত্র দেওয়া হবে এবং তাঁদের জন্য সাভারে ১২ একর খাসজমির ওপর আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করবেন। প্রতিবন্ধীদের জন্য আগামী অর্থবছরে ১ হাজার ১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী, যা চলতি অর্থবছরের তুলনায় ৩১ শতাংশ বেশি।

প্রতিটি বিভাগীয় শহরে প্রতিবন্ধীদের জন্য একটি করে ‘রিসোর্স কেন্দ্র’ করা এবং তাদের জন্য সম্ভব সব ক্ষেত্রে কোটা সংরক্ষণের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান মুহিত।

সামাজিক সুরক্ষার আওতা বৃদ্ধি ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অর্থমন্ত্রী যেসব উদ্যোগ নিয়েছেন, সেগুলো হচ্ছে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৩১ লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৩৫ লাখ করা, বিধবা ও স্বামী নিগৃহীত নারী ভাতাভোগী ১০ শতাংশ বাড়িয়ে ১২ লাখ ৬৫ হাজার করা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী ১০ শতাংশ বাড়িয়ে ৮ লাখ ২৫ হাজার ও মাসিক ভাতা ১০০ টাকা বাড়িয়ে ৭০০ টাকায় উন্নীত করা।

এ ছাড়া হিজড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ ভাতা ২ কোটি ৩৫ লাখ টাকা বাড়িয়ে ১১ কোটি ৩৫ লাখ, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ ও বয়স্ক ভাতা খাতে বরাদ্দ ৬ কোটি ৩২ লাখ টাকা বাড়িয়ে ২৭ কোটি টাকা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির উপকারভোগীর সংখ্যা প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পাঁচ হাজার করে বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আগামী অর্থবছরের জন্য ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদ্‌রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির বরাদ্দ ২০ কোটি টাকা বাড়িয়ে ৫০ কোটি টাকায় উন্নীত করারও প্রস্তাব করেন।

এখানেই শেষ নয়, সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য অর্থমন্ত্রীর আরও কিছু প্রস্তাব রয়েছে। এগুলো হচ্ছে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি খাতে ১৫ কোটি টাকা বরাদ্দ এবং খাদ্যদ্রব্যাদির পরিবর্তে জনপ্রতি এককালীন পাঁচ হাজার টাকা করে দেওয়া, মুক্তিযোদ্ধাদের বিদ্যমান মাথাপিছু সম্মানীর পাশাপাশি ১০ হাজার টাকা করে বছরে দুটি উৎসব বোনাস দেওয়া, দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতার উপকারভোগীর সংখ্যা ১ লাখ বাড়িয়ে ৬ লাখ করা।