এ সপ্তাহের সাক্ষাৎকার: সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে বক্তৃতা করতে এসে ব্যাংক ও আর্থিক খাত নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সাবেক গভর্নর ওয়াই ভি রেড্ডি
সামাজিক সূচকে বাংলাদেশের অগ্রগতি অন্যদের অনুসরণীয়
প্রথম আলো: সেপ্টেম্বর মাসে ভারতের একটি পত্রিকায় এক প্রতিবেদনে বলা হয়েছিল, ‘ব্যাংক অব ইংল্যান্ড (বিওই) নতুন গভর্নর নিয়োগ করার জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তা পূরণ করা হলে আপনি হতে পারেন যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী গভর্নর।’ এটা পড়ে আপনার কী মনে হয়েছে?ওয়াই ভি রেড্ডি: প্রতিবেদনটিতে মূলত বিওইর গভর্নর নিয়োগের প্রক্রিয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে, বলা হয়েছে যে, তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের জন্য কীভাবে অনেক আগে থেকে পরিকল্পনা গ্রহণ করে। এটা তাৎপর্যবহ। শেষ পর্যন্ত ব্যাংক অব কানাডার গভর্নর মার্ক কারনেইকে বিওইর পরবর্তী গভর্নর হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তিনি ২০১৩ সালে দায়িত্বভার গ্রহণ করবেন। বিশ্ব অর্থনৈতিক সংকটের সময় কানাডা যে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েনি, তার অন্যতম কারণ হলো সাহেবের দক্ষ ব্যবস্থাপনা। আসলে বিশ্বায়নের এই যুগে কেন্দ্রীয় ব্যাংকগুলোর একে অন্যের সঙ্গে বেশি করে অভিজ্ঞতা বিনিময় করা উচিত। এক দেশের কর্মকর্তার অন্য দেশে গিয়ে কিছুদিন কাজ করা উচিত। প্রথম আলো: আপনি ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন। আপনার সঙ্গে অর্থমন্ত্রী পি চিদাম্বরমের ভালো বোঝাপড়া ছিল, আবার আপনি অনেক বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে প্রকাশ্যে ও জোরালোভাবে দ্বিমত করেছেন। এটা কি কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাকে প্রতিষ্ঠা করার জন্য?ওয়াই ভি রেড্ডি: গভর্নর থাকাকালীন আমি মাঝেমধ্যে এ রকম প্রশ্নের সম্মুখীন হতাম। আমাকে জিজ্ঞাসা করা হতো যে, আরবিআই যথেষ্ট স্বাধীন কি না, আমি স্বাধীনভাবে কাজ করতে পারছি কি না। জবাবে আমি বলতাম, আমি একজন স্বাধীন কেন্দ্রীয় ব্যাংকার, আরবিআইও স্বাধীন কেন্দ্রীয় ব্যাংক। আর কেন্দ্রীয় ব্যাংকের এই স্বাধীনতার বিষয়টি জানানোর জন্য আমি অর্থ মন্ত্রণালয়ের অনুমতি নিয়েছি! মূল কথাটি হলো, নীতি ও কাজ পরিচালনায় স্বাধীনতা। যদি অর্থ মন্ত্রণালয়ের সবকিছুতেই সম্মতি দিতে হয়, তাহলে তো আরবিআই আর ভারতের কেন্দ্রীয় ব্যাংক থাকে না, হয়ে যায় অর্থ মন্ত্রণালয়ের একটি বিভাগ। তার মানে আবার এই নয় যে, সবকিছুতেই দ্বিমত করতে হবে, আপত্তি জানাতে হবে। এভাবে স্বাধীনতা হয় না। সরকার আইনি সীমার মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে যে স্বাধীনতা দেয়, সেটাই তার স্বাধীনতা। আর বিশ্বের বেশির ভাগ দেশেই কেন্দ্রীয় ব্যাংকের এই স্বাধীনতা সরকার নিশ্চিত করে জনগণকে এটা বোঝার জন্য যে অর্থনীতি পরিচালনা ও ব্যবস্থাপনায় অরাজনৈতিকভাবে কিছু কাজ করতে হয়। সরকারকে নিজের স্বার্থেই কেন্দ্রীয় ব্যাংকের ওপর নিয়ন্ত্রণারোপ থেকে বিরত থাকতে হয়। আর জাতীয় সংসদের কাছে কিন্তু সরকার তথা অর্থ মন্ত্রণালয়কেই জবাবদিহি করতে হয়।প্রথম আলো: দক্ষিণ এশিয়ার অর্থনীতিকে পারস্পরিকভাবে অধিকতর সম্পৃক্ত করার কথা বলা হচ্ছে। এটা কতটা যুক্তিসংগত বলে মনে করেন?ওয়াই ভি রেড্ডি: বিভিন্ন গবেষণায় তো আঞ্চলিক সম্পৃক্ততার ইতিবাচক সুফল প্রমাণিত হয়েছে। বিশেষজ্ঞ পর্যায়ে এ বিষয়ে মতৈক্য হয়েছে। আমার তো মনে হয়, জনগণও এই সম্পৃক্ততা চায়। এখন প্রয়োজন দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা। দক্ষিণ এশিয়ার অর্থনীতির সবচেয়ে দুর্বল স্থান হলো রাজস্ব ব্যবস্থাপনা। অন্যদিকে শক্তির জায়গা হলো, বাইরের সংশ্লিষ্টতা। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে তাই পরস্পরের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে, একে অন্যের কাছ থেকে শিখতে ও জানতে হবে।প্রথম আলো: একে অন্যের কাছ থেকে জানা বোঝা কোন কোন ক্ষেত্রে হতে পারে?ওয়াই ভি রেড্ডি: বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। মানে যে দেশ যে ক্ষেত্রে বিশেষ অগ্রগতি করেছে। আমি সুনির্দিষ্ট করে বাংলাদেশের কথাই বলতে পারি। বাংলাদেশ কিন্তু দক্ষিণ এশিয়ায় সামাজিক ও মানব উন্নয়ন সূচকে সবার চেয়ে এগিয়ে আছে। বাংলাদেশ দেখিয়েছে, গরিব দেশ ও সীমিত সম্পদ নিয়েও কীভাবে সামাজিক খাতে অগ্রগতি করা যায়, কীভাব মানুষকে শিক্ষা ও স্বাস্থ্যে উন্নত করা যায়। যথেষ্ট সম্পদশালী হওয়ার পর সামাজিক খাতে ব্যয় করার মধ্যে বিশেষ কোনো কৃতিত্ব নেই। বরং সম্পদের ঘাটতি সত্ত্বেও এ খাতে এগিয়ে যাওয়া প্রকৃত সামর্থ্যের পরিচয়। বাংলাদেশের সামাজিক ব্যাংকিং কার্যক্রমও দক্ষিণ এশিয়ায় অনুকরণীয় হতে পারে।প্রথম আলো: সামাজিক খাতে তো তাহলে বড় বিনিয়োগ ও অর্থায়ন প্রয়োজন?ওয়াই ভি রেড্ডি: সেটা ঠিক। তবে মনে রাখতে হবে, যখন ধনাঢ্যদের কোনো কাজে অর্থ দেওয়া হয়, তখন বলা হয় প্রণোদনা। আর গরিব মানুষদের অর্থ দিলে বলা হয় ভর্তুকি। এখানে দৃষ্টিভঙ্গির সমস্যা আছে। শিল্পপতিকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কর ছাড় দিলে তা তো একধরনের রাজস্ব বা কর ভর্তুকি। শুধু কৃষককে উপকরণে ভর্তুকিই ভর্তুকি নয়। উভয় ক্ষেত্রে রাজস্ব আয় বা ব্যয়ের ওপর প্রভাব পড়ে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অপচয় রোধ করা।[সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]