প্রাথমিক শেয়ারের মূল্য নির্ধারণে বুক বিল্ডিং পদ্ধতি সংশোধনের জন্য প্রস্তুত করা খসড়া প্রস্তাবে বড় ধরনের কোনো পরিবর্তনের পক্ষে নয় নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বাজার-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার পর খসড়া প্রস্তাবে ছোটখাটো দু-একটি পরিবর্তন আনার কথা বললেও নিজেদের প্রস্তাবেই অটল থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। আর পত্রিকার মাধ্যমে প্রস্তাবগুলো সম্পর্কে জনমত যাচাই করার পরই বুক বিল্ডিং পদ্ধতির সংশোধনী চূড়ান্ত অনুমোদন করা হবে।এসইসির নিয়মিত সভায় গতকাল বুধবার এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান সাংবাদিকদের জানান, ‘বুক বিল্ডিং পদ্ধতির খসড়া প্রস্তাবের ওপর সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পক্ষে-বিপক্ষে উভয় ধরনের মতামত পাওয়া গেছে। এসব মতামত পর্যালোচনা করে এসইসি শেয়ারের মূল্যায়নের ক্ষেত্রে খসড়া প্রস্তাবে উল্লিখিত পদ্ধতি রাখার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে।’ এসইসির খসড়া প্রস্তাবে শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণের জন্য শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) বিবেচনায় নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এক্ষেত্রে পিই ১৫ অথবা এনএভির তিন গুণ—এ দুইয়ের মধ্যে যেটি কম, নির্দেশক মূল্য তার বেশি হতে পারবে না। আবার এর পরিমাণ শেয়ারপ্রতি এনএভির কমও প্রস্তাব করা যাবে না। এ ক্ষেত্রে পিই গণনা করতে হবে কোম্পানির আগের তিন বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে উল্লিখিত শেয়ারপ্রতি আয় বা ইপিএসের ভারিত্ব গড়ের ভিত্তিতে।অবশ্য শেয়ারের মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিপরীতে বরাদ্দকৃত শেয়ার বিক্রি বা হস্তান্তর নিষিদ্ধ (লকইন) থাকার মেয়াদ কমিয়ে চার মাস করা হয়েছে। প্রাথমিক খসড়ায় এর মেয়াদ ছিল ছয় মাস। এ ছাড়া চূড়ান্ত দরপত্রে যাওয়ার আগের নির্দেশক মূল্য সমর্থনকারী প্রতিষ্ঠানগুলোর খাতের সংখ্যা বাড়ানো হয়েছে। আগের প্রস্তাবে বলা হয়েছিল, মার্চেন্ট ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির খাতের ন্যূনতম ২০টি প্রতিষ্ঠানের নির্দেশক মূল্যের ব্যাপারে সমর্থন থাকতে হবে। এ তিন খাতের সঙ্গে এখন অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি ও ব্রোকার-ডিলার খাতের প্রতিষ্ঠান যুক্ত করা হয়েছে। আর প্রতিটি খাতের ন্যূনতম তিনটি মিলে মোট ২০টি প্রতিষ্ঠানের সমর্থন থাকতে হবে কোম্পানি ঘোষিত নির্দেশক মূল্যের ওপর। এর বাইরে সংশোধনীর খসড়ায় বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) মূলধন সংগ্রহে আগ্রহী কোম্পানিগুলোর এসইসির কাছে জমা দেওয়া নিরীক্ষিত আর্থিক বিবরণী পরীক্ষা-নিরীক্ষার জন্য কমিটি গঠনের প্রস্তাবটি বাতিল করা হয়েছে। এসইসির পক্ষ থেকে বলা হয়েছে, যদি কোনো কোম্পানির আর্থিক বিবরণী সম্পর্কে অভিযোগ পাওয়া যায়, তাহলে প্যানেল নিরীক্ষক নিয়োগ করে তা নিরীক্ষা করা হবে। বিশ্বব্যাপী প্রাথমিক শেয়ারের বাজারভিত্তিক মূল্য নির্ধারণের জন্য বুক বিল্ডিং পদ্ধতিকে সর্বাধুনিক উপায় হিসেবে বেছে নেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে কিছু অসাধু উদ্যোক্তার অপব্যবহারে পদ্ধতিটি শুরুতেই সমালোচনার মুখে পড়ে। এ কারণে গত ২০ জানুয়ারি সরকার বুক বিল্ডিং পদ্ধতি স্থগিত করে তা সংশোধনের জন্য এসইসিকে নির্দেশ দেয়।