সামিট অ্যালায়েন্স পোর্টকে মূলধন উত্তোলনের অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট খাতের কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডকে মূলধন উত্তোলনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট খাতের আরেক কোম্পানি ওশান কনটেইনারস লিমিটেডকে (ওসিএল) একীভূত করার লক্ষ্যে সামিট অ্যালায়েন্স পোর্টকে মূলধন উত্তোলনের এই অনুমোদন দেওয়া হয়। এই অনুমোদনের ফলে ওসিএলের এক কোটি ৪৬ লাখ ৮০ হাজার ৫৩৮টি শেয়ার একীভূত করতে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড এক কোটি ৫৭ লাখ ৬১ হাজার ২৫টি সাধারণ শেয়ার ছাড়বে। প্রসঙ্গত, সম্প্রতি হাইকোর্টের দেওয়া নির্দেশ অনুযায়ী এই দুটি প্রতিষ্ঠান একীভূত হচ্ছে। এ ক্ষেত্রে ওসিএলের একটি শেয়ারের সমান হবে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের ১.০৭৩৬টি শেয়ার।