সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানির শেয়ার লেনদেন শুরু
সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন আজ সোমবার শুরু হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জেই ‘এন’ ক্যাটাগরির অধীনে এই প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে জানা যায়, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম দিন সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার সর্বোচ্চ ৫৮ টাকা ও সর্বনিম্ন ৫০ টাকায় লেনদেন হয়। প্রতিষ্ঠানটির শেয়ারের সর্বশেষ দাম ছিল ৫৭ টাকা ৮০ পয়সা। আজ মোট এক কোটি আট লাখ পাঁচ হাজার ৬০০টি শেয়ার হাতবদল হয়েছে।এর আগে গত ১৩ ডিসেম্বর সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি তিন কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ১২০ কোটি টাকা সংগ্রহ করে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল।সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির করপরবর্তী মুনাফা ১২ কোটি ৫৩ লাখ টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৬৪ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১১ কোটি ৩০ লাখ টাকা ও ১.৪৮ টাকা।