সামিট মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সামিট গ্রুপ কক্সবাজারের মহেশখালীতে একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণ করবে।
এলএনজি টার্মিনালটি নির্মাণের ব্যাপারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অয়েল, গ্যাস অ্যান্ড মিনারেল রিসোর্সেস করপোরেশনের (পেট্রোবাংলা) সঙ্গে গত মঙ্গলবার সামিট গ্রুপ একটি প্রাথমিক চুক্তি সই করেছে।
সামিট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি প্রাইভেট লিমিটেড চূড়ান্ত চুক্তি সম্পাদনের পর ১৮ মাসের মধ্যে নির্মাণ-মালিকানা-পরিচালন-হস্তান্তরের (বিওওটি) ভিত্তিতে এ টার্মিনাল স্থাপনের কাজ সম্পন্ন করবে।
এ টার্মিনালে আমদানি করা এলএনজি থেকে প্রতিদিন সর্বোচ্চ ৫০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে। এভাবে ১৫ বছর চলার পর পেট্রোবাংলার কাছে টার্মিনালটির দায়িত্ব হস্তান্তর করবে সামিট গ্রুপ।
ঢাকায় পেট্রোসেন্টারে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমুদ্দিন চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়জুল্লাহ এবং সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান ও মো. ফরিদ খান, জিই গ্লোবাল গ্যাস টু পাওয়ার-ইনফ্রাস্ট্রাকচার ডিরেক্টর পিটার ম্যাকি উপস্থিত ছিলেন। এ ছাড়া পেট্রোবাংলা ও সামিট গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এলএনজি টার্মিনালটি নির্মাণে সামিট গ্রুপকে ৪০ থেকে ৫০ কোটি ডলার বিনিয়োগ করতে হবে; যা বাংলাদেশের প্রায় ৩,২০০ কোটি থেকে ৪,০০০ কোটি টাকার সমান (প্রতি ডলার ৮০ টাকা হিসাবে)। বিজ্ঞপ্তি