
দেশের অর্থনীতি ও উন্নতি টেকসই করতে বিশ্বের অন্যান্য দেশ ও অঞ্চলের মতো বাংলাদেশের জন্যও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে সামুদ্রিক অর্থনীতিতে। এই সম্ভাবনাকে সুযোগ হিসেবে কাজে লাগাতে হলে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে। এর পাশাপাশি এই খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে।
গতকাল শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে বক্তারা এই অভিমত দিয়েছেন। ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনার সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি হোসেন খালেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. কাউসার আহমেদ।
হোসেন খালেদ তাঁর সূচনা বক্তব্যে বাংলাদেশের নতুন সমুদ্রসীমাকে দেশের উন্নয়নের স্বার্থে যথাযথ ব্যবহারের জন্য কার্যকর নীতিমালা প্রণয়ন, প্রযুক্তিগত উৎকর্ষ সাধন ও বৈশ্বিক যোগাযোগের ওপর গুরুত্ব দেন।
কাউসার আহমেদ তাঁর প্রবন্ধে ২০৩০ সাল ও এর পরের সময়কে সামনে রেখে বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের স্বার্থে অ্যাকুয়াকালচার, গভীর সমুদ্রে মৎস্য আহরণ, মৎস্য চাষ, পর্যটন, নবায়নযোগ্য জ্বালানি, তেল-গ্যাস আহরণ ও জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগের ওপর গুরুত্ব দেন।
প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় বিদেশি প্রতিষ্ঠানগুলো গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে তেমন আগ্রহ দেখাচ্ছে না। ফলে নতুন কূপ অনুসন্ধান চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে দেশি উদ্যোক্তারা এগিয়ে আসতে পারেন। এ ছাড়া সরকার মিয়ানমার থেকে গ্যাস এনে চট্টগ্রামে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য দেশটির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তৃতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশেদ আলম জানান, মিয়ানমার ও ভারতের সঙ্গে দেশের সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে দেশের সব বিশ্ববিদ্যালয়কে সমুদ্রবিজ্ঞান বিভাগ চালুর নির্দেশ দেওয়া হয়। কারণ, দক্ষ জনশক্তি ছাড়া সামুদ্রিক সম্পদ আহরণ ও এর যথাযথ ব্যবহার অসম্ভব।
খুরশেদ আলম বলেন, বাংলাদেশের ৬৮ হাজার কাঠের নৌকা উপকূল থেকে সমুদ্রের মাত্র ২৫ কিলোমিটার এলাকা পর্যন্ত মাছ ধরতে পারে। এর পরের ২৫ কিলোমিটার এলাকা পর্যন্ত যেতে পারে ২৫০টি স্টিলের ট্রলার। বাংলাদেশের সমুদ্রসীমার দৈর্ঘ্য ৬৬৪ কিলোমিটার হলে উপকূল থেকে মাত্র ৫০ থেকে ৬০ কিলোমিটারের বেশি যেতে পারে না বাংলাদেশের সমুদ্র এলাকায় চলাচলকারী নৌকা ও ট্রলার।
বিশেষ অতিথির বক্তৃতায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, ‘মাত্রাতিরিক্ত মাছ ধরা, দূষণ ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে আমাদের মহাসাগরগুলো দূষিত হয়ে পড়ছে। বৈশ্বিক অর্থনৈতিক অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার জন্য এসব চ্যালেঞ্জ ও সামুদ্রিক সম্পদের টেকসই উন্নয়নের বাধা টপকানো গুরুত্বপূর্ণ।’ মহাসাগরের সুরক্ষা নিশ্চিত করাকে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। এ বছরের সেপ্টেম্বরে পররাষ্ট্রমন্ত্রী জন কেরির উদ্যোগে তৃতীয়বারের মতো বার্ষিক ‘আওয়ার ওশান’ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে ওই চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে আলোচনা হবে। বরাবরের মতো এবারও বাংলাদেশ সম্মেলনে অংশ নেবে।