বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭টি জেলায় বন্যাকালীন ও পরবর্তী দুই মাসের জন্য ক্ষুদ্রঋণ আদায় বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এমআরএ)। সংস্থাটি একই সঙ্গে এসব এলাকায় নতুনভাবে অন্তর্বর্তী বা দুর্যোগকালীন ঋণ দিয়ে চলমান ঋণ পুনঃ তফসিলেরও পরামর্শ দিয়েছে।
এমআরএর সনদপ্রাপ্ত সব ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে গতকাল সোমবার এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বন্যাকবলিত এলাকায় গ্রাহকের ঋণ থাকা অবস্থায় তার শতভাগ সঞ্চয় উত্তোলনের ব্যবস্থা করতে হবে। ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের বাড়তি তহবিল বা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে ক্ষতিগ্রস্ত সামর্থ্যহীন গ্রাহকদের জরুরি খাবার ও ওষুধ সরবরাহ এবং বন্যা-পরবর্তী পুনর্বাসনে সহায়তা করতে হবে।
উদ্বৃত্ত তহবিল ব্যবহারের ক্ষেত্রে ব্যয়ের বিস্তারিত জমা করে এমআরএর কার্যোত্তর অনুমোদন নিতে হবে। ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর বন্যাসম্পর্কিত কার্যক্রমের বিস্তারিত এমআরএকে ৩১ অক্টোবরের মধ্যে জানাতে হবে।
সাম্প্রতিক বন্যায় দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১৭ জেলার তালিকাও দিয়েছে এমআরএ। এগুলো হলো: কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জ।
নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, এসব জেলার বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, খেত-খামার, আবাদি ফসল প্লাবিত হয়েছে। এসব এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে দিনাতিপাত করছে। বন্যার কারণে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির বা সংকুচিত হয়ে মানুষের আয়-উপার্জন সীমিত হয়ে পড়েছে। বিশেষত সাধারণ দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীই বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের অধিকাংশই ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের গ্রাহক। ইতিমধ্যেই কোনো কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের সহায়তায় বিভিন্ন সামাজিক উদ্যোগ নিয়েছে।