সরবরাহ নিরবচ্ছিন্ন হলে মূল্যবৃদ্ধিতে আপত্তি নেই
সার আমদানি করে শিল্পে গ্যাস দেওয়ার দাবি ব্যবসায়ীদের
শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা দেওয়ার পর দাম বাড়ালেও ব্যবসায়ী-শিল্পপতিদের কোনো আপত্তি নেই। তাঁরা সরবরাহ বাড়াতে গ্যাস দিয়ে ইউরিয়া সার উৎপাদনের পরিবর্তে বিদেশ থেকে সার আমদানিরও পরামর্শ দিয়েছেন।যুক্তি হিসেবে শিল্প উদ্যোক্তারা বলেন, গ্যাস বিদেশ থেকে আমদানি করা সময়সাপেক্ষ, বরং ইউরিয়া সারের উৎপাদন বন্ধ রেখে আমদানি করে চাহিদা মেটানো যায়। এতে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়বে ও বিদ্যুৎ উৎপাদন বাড়বে।তবে শিল্পসচিব দেওয়ান জাকির হোসাইন এর বিরোধিতা করেন। তিনি বলেন, ইউরিয়া সারের উৎপাদন বন্ধ করে বিদেশ থেকে আমদানি যুক্তিসংগত নয়। এতে সার আমদানিতে ভর্তুকির পরিমাণ বাড়বে। তিনি অন্যান্য দেশের মতো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন।গতকাল মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘শুল্ক ও অশুল্ক কাঠামো: শিল্প খাতের প্রত্যাশা’ শীর্ষক প্রাক-বাজেট আলোচনায় বক্তারা এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয় প্রথমবারের মতো ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে এ ধরনের বৈঠক করে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এতে প্রধান অতিথি ছিলেন।শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলমের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় শিল্পসচিব দেওয়ান জাকির হোসাইন বিশেষ অতিথি ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, বর্তমান সরকার ব্যবসানির্ভর অর্থনীতি থেকে বের হয়ে এসে শিল্পভিত্তিক অর্থনীতি গড়ে তোলার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সরকার সুষম অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের জীবনমান পরিবর্তনের জন্য শক্তিশালী বেসরকারি খাত গড়ে তুলতে চায়। তাই শিল্পবান্ধব বাজেট প্রণয়নের জন্য বাজেটের আগেই সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হচ্ছে। আলোচনায় অংশ নিয়ে মেট্রোপলিটন চেম্বারের সভাপতি আনিস উদ দৌলা বলেন, সরকার বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ায় বিশ্বমন্দার মধ্যেও দেশের শিল্প খাতে তেমন প্রভাব পড়েনি। দেশের মোট দেশজ উৎপাদনে করের অংশ মাত্র ১১ শতাংশ উল্লেখ করে তিনি কর আদায়ের আওতা বাড়ানোর সুপারিশ করেন।আনিস উদ দৌলা আরও বলেন, সরকারের জন্য সামনে বড় চ্যালেঞ্জ বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ বাড়ানো। গ্যাসের অভাবে একটার পর একটা কারখানা বন্ধ হয়ে পড়ছে। গ্যাসের সরবরাহ বাড়ানো সময়সাপেক্ষ বিধায় ইউরিরা সার উৎপাদন বন্ধ করে শিল্প কারখানায় সরবরাহ বাড়ানোর প্রস্তাব করেন তিনি।ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাশেম খান বলেন, জিডিপিতে শিল্পের অবদান ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করতে হলে অবকাঠামোগত সুবিধার পাশাপাশি নীতিমালার ধারাবাহিকতা রাখতে হবে। আর নীতি প্রণয়ন ও বাস্তবায়নে বেসরকারি খাতের সঙ্গে সরকারকে ক্রমাগত বৈঠক করতে হবে।আবুল কাশেম দেশের কর্মসংস্থান সৃষ্টি ও উচ্চমূল্য সংযোজনকারী খাতকে চিহ্নিত করে এসব খাতে বিশেষ কর-সুবিধা দেওয়ার প্রস্তাব করেন। অ্যামচেমের সভাপতি আফতাব-উল ইসলাম বলেন, শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা দেওয়া হলে এগুলোর দাম বাড়লেও ব্যবসায়ী-শিল্পপতিদের কোনো আপত্তি নেই। তিনি স্থানীয় সংযোজন শিল্পের উন্নয়নের স্বার্থে তৈরি পণ্য ও কাঁচামালের আমদানি শুল্ক ব্যবধান বাড়ানোর সুপারিশ করেন।বাংলাদেশ প্রকৌশল শিল্প মালিক সমিতির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, স্থানীয় শিল্পের বিকাশের স্বার্থে খাতভিত্তিক ‘বিশেষ অর্থনৈতিক এলাকা’ গঠন করতে হবে। তিনি স্থানীয়ভাবে মূলধনী যন্ত্র উৎপাদনের সময় অশুল্ক বাধা দূর করার আহ্বান জানান।আবদুর রাজ্জাক অভিযোগ করেন, মূলধনী যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করলে ভ্যাট রহিত করা হয়। অথচ স্থানীয়ভাবে মূলধনী যন্ত্রপাতি উৎপাদনের পর ভ্যাট প্রদান থেকে অব্যাহতি পেতে হলে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়।আলোচনায় আরও অংশ নেন সিরামিক ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদ মওদুদ খান, এফবিসিসিআইয়ের পরিচালক ওবায়দুর রহমান, মনজুর আহমেদ প্রমুখ।