সার আমদানিতে ভর্তুকি পেতে মূল্য নির্দেশিকা মানতে হবে
বেসরকারি খাতে সার আমদানিতে সুনির্দিষ্ট মূল্য নির্দেশিকা বা প্রাইস গাইড অনুসরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারের পরামর্শে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে বলে জানা গেছে। জানা যায়, সারের আন্তর্জাতিক মূল্য সম্পর্কে বিশ্বব্যাপী স্বীকৃত দুটি সংবাদমাধ্যম ফার্টিলাইজার মার্কেট বুলেটিন এবং ফার্টেকন পত্রিকা নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করে থাকে। বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোতে পাঠানো নির্দেশনাতে বলেছে, যে দেশের সারের মূল্যের তথ্য এই সংবাদমাধ্যম দুটিতে প্রকাশিত হয় না, সেসব দেশ থেকে সার আমদানি করলে সরকার তাতে ভর্তুকি দেবে না। এ জন্য ভর্তুকি সুবিধার আওতায় সার আমদানির জন্য ঋণপত্র খোলার আগে ব্যাংকগুলোকে ওই সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের সঙ্গে প্রকৃত মূল্য যাচাই করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার গতকাল সোমবার বাণিজ্যিক ব্যাংকগুলোতে পৌঁছেছে বলে জানা গেছে।