সার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের উদ্যোগ নেবে সরকার: শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার জন্য সার উত্পাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের উদ্যোগ নেবে বর্তমান সরকার। এ লক্ষ্যে বিসিআইসির আওতাধীন সার কারখানাগুলোর আধুনিকায়নের পাশাপাশি দুটি নতুন সার কারখানা স্থাপনেরও বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হচ্ছে। শিল্পমন্ত্রী চলতি ইরি-বোরো মৌসুমে দেশব্যাপী ইউরিয়া সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে সংস্থার কর্মকর্তাদের কঠোর পরিশ্রম ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। শিল্পমন্ত্রী গতকাল সাভার গণস্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে চলতি ইরি-বোরো মৌসুমে কৃষক পর্যায়ে ইউরিয়া সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত বিসিআইসির কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। বিসিআইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মো. আলতাফ উদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পসচিব দেওয়ান জাকির হোসাইন, বিসিআইসির চেয়ারম্যান কে এইচ মাসুদ সিদ্দিকী ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আকতারুজামান বক্তব্য দেন।শিল্পীমন্ত্রী বলেন, ভবিষ্যত্ প্রজন্মের জন্য সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সততা, দেশপ্রেম ও সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। কৃষি উত্পাদন বাড়াতে বিসিআইসির কর্মকর্তাদের নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তি দিয়ে সার উত্পাদনে স্বাবলম্বী হতে হবে। কৃষি খাতে বর্তমান সরকারের উদ্যোগের ফলে এ বছর উত্তরবঙ্গে মঙ্গা স্পর্শ করতে পারেনি বলে তিনি উল্লেখ করেন। দিলীপ বড়ুয়া বলেন, চলতি ইরি-বোরো মৌসুমে বাম্পার ফলন নিশ্চিত করার জন্য সরকার পর্যাপ্ত ইউরিয়া সারের মজুদ গড়ে তুলেছে। বর্তমানে দেশে নয় লাখ মেট্রিক টন ইউরিয়া সারের মজুদ রয়েছে। ইউরিয়া সারের এ মজুদ স্বাধীনতা-উত্তরকালের সর্বোচ্চ বলে তিনি মন্তব্য করেন। তথ্য বিবরণী।