সার কারখানায় বিনিয়োগে জাপানি উদ্যোক্তাদের শিল্পমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুগঞ্জ সার কারখানার দ্বিতীয় ইউনিট স্থাপনে জাপানি উদ্যোক্তাদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি বলেন, এ সার কারখানা স্থাপন করা হলে তা দেশের কৃষি উন্নয়ন ও খাদ্যনিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ ক্ষেত্রে জ্বালানিসাশ্রয়ী কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির (কাফকো) অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।গতকাল মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত টমোটসু সিনোটসুকার সঙ্গে বৈঠকে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ আহ্বান জানান।শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকীসহ মন্ত্রণালয় ও জাপান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন বলে শিল্প মন্ত্রণালয় জানিয়েছে।বৈঠকে সার ও অটোমোবাইল খাতে জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে ক্রমবর্ধমান সারের চাহিদা মেটাতে নতুন সার কারখানা স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া জাপানি অটোমোবাইল কোম্পানি মিটসুবিশি করপোরেশনের বাংলাদেশে বিনিয়োগের অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নের অন্যতম অংশীদার জাপান। তাই বাংলাদেশ জাপানি বিনিয়োগের বিষয়কে সব সময় অগ্রাধিকার দিয়ে থাকে। খাদ্যনিরাপত্তার স্বার্থে সরকার কাফকোকে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে কম দামে গ্যাস সরবরাহ করছে। কাফকো বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। মিটসুবিশি করপোরেশনের বিনিয়োগ-প্রস্তাবের বিষয়ে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে বলে তিনি রাষ্ট্রদূতকে অবহিত করেন।ঢাকায় জাপানের রাষ্ট্রদূত কাফকোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অটোমোবাইল ও সার কারখানা স্থাপনে জাপানের উদ্যোক্তারা বিশেষভাবে আগ্রহী। বাংলাদেশে জ্বালানিসাশ্রয়ী নতুন সার কারখানা স্থাপনে শিগগিরই জাপানি বিনিয়োগকারীরা এগিয়ে আসবে বলে তিনি জানান।