প্রথম আলোয় গতকাল ‘যমুনা কারখানা থেকে ১৬ জেলায় সার পরিবহন বন্ধ’ শীর্ষক প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে শিল্প মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমন উৎপাদনের মৌসুম। কৃষকেরা এখনো আমন চাষের জমি প্রস্তুত করেনি। বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) কাছে বর্তমানে ছয় লাখ ৫৮ হাজার ১৭৯ টন ইউরিয়া সার মজুত রয়েছে। উত্তরাঞ্চলের ১৬ জেলায় বিসিআইসির ১৪টি বাফার গুদামে মজুত আছে দুই লাখ ৩৭ হাজার ৩১২ টন সার। চলতি মাসে এসব জেলায় সারের চাহিদা মাত্র ৬১ হাজার ৯৮৭ টন। পুরো আমন মৌসুমেই এসব জেলায় সার লাগবে দুই লাখ ৩১ হাজার ৬৮৬ টন।
সংবাদে যমুনার ভাঙনের মুখে জামালপুরের সরিষাবাড়ী-তারাকান্দি-ভূঞাপুর মহাসড়কের অংশবিশেষ তলিয়ে যাওয়ায় উত্তরবঙ্গের ১৬ জেলায় সড়কপথে সার সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হয়। তবে এ নিয়ে কৃষকদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রণালয় বলেছে, বিকল্পপথে (হেমনগর-গোপালপুর এবং ধনবাড়ি সড়কপথে) উত্তরাঞ্চলের জেলাগুলোতে সার সরবরাহ করা হচ্ছে। শনিবার বিকল্পপথে এসব জেলায় প্রায় এক হাজার ৫০০ টন সার সরবরাহ করা হয়েছে।