সারচার্জে ছাড় পেল ধনীরা
সারচার্জে কিছুটা ছাড় পেল ধনীরা। সোয়া দুই কোটি টাকার কম সম্পদ হলে কোনো সারচার্জ দিতে হবে না। আগে দুই কোটি টাকার সম্পদ থাকলেই সারচার্জ দিতে হতো।
তবে সোয়া দুই কোটি টাকার বেশি সম্পদ থাকলে কোনো আয় না থাকলেও কমপক্ষে তিন হাজার টাকা সারচার্জ দিতে হবে।
সোয়া দুই কোটি টাকার ওপরে সম্পদশালী একজন করদাতা যে কর দেবেন, এর বিভিন্ন হারে সারচার্জ বসবে, তবে সারচার্জের হার আগের মতোই রয়েছে। সোয়া দুই কোটি টাকা থেকে ১০ কোটি টাকা পর্যন্ত ১০ শতাংশ, ১০ থেকে ২০ কোটি টাকার বেশি সম্পদ থাকলে এই হার ১৫ শতাংশ, ২০ থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত আয়করের ওপর ২০ শতাংশ হারে সারচার্জ দিতে হবে। আর ৩০ কোটি টাকার বেশি সম্পদ থাকলে ৩০ শতাংশ হারে সারচার্জ আরোপ হবে।
সারচার্জ কোনো কর নয়। এটি সম্পদ থাকার কারণে একধরনের মাশুল আরোপ। বহু বিত্তশালীরা আয়কর নথিতে বাড়ি-গাড়ি দেখান না। সম্পদ গোপনেই থেকে যায়। আবার যাঁরা দেখান, তাঁদের সম্পদের বাজারমূল্য বা প্রকৃত মূল্য পাওয়া যায় না।
জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবমতে, গত অর্থবছরে (২০১৩-১৪) সারা দেশে মাত্র ১০ হাজার ১৫২ জন করদাতা দুই কোটি টাকার বেশি সম্পদ দেখিয়েছেন।