দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার সূচকের ওঠানামার মধ্য দিয়ে শুরু হলেও, নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। আজ লেনদেনের পরিমাণ এবং লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। পাশাপাশি কমেছে সূচক। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গত বৃহস্পতিবারের চেয়ে ৪৩ পয়েন্ট কমে ৪,৭২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গত বৃহস্পতিবারের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে গেলেও আধা ঘণ্টায় নিম্নমুখী হয়ে কমে যায় দুই পয়েন্ট। এক ঘণ্টায় সূচক কমে ২৭ পয়েন্ট। এরপর ঊর্ধ্বমুখী হয়ে বেলা ১২টা পাঁচ মিনিটে সূচক গত বৃহস্পতিবারের চেয়ে এক পয়েন্ট বেড়ে যায়। সাড়ে ১২টায় সূচক কমে ২৪ পয়েন্ট। বেলা দেড়টায় কমে ৩৪ পয়েন্ট। এভাবে দিনের শেষ পর্যন্ত সূচক কমার হার অব্যাহত ছিল। আজ লেনদেন হওয়া ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ৫০টির দাম, কমেছে ১৭৪টির আর অপরিবর্তিত আছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ১৩৬ কোটি টাকার লেনদেন হয়েছে। যা গত বৃহস্পতিবারের চেয়ে প্রায় ১৬২ কোটি টাকা কম।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— সোশ্যাল ইসলামী ব্যাংক লি., লাফার্জ সুরমা সিমেন্ট, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, যমুনা অয়েল, তিতাস গ্যাস, লঙ্কাবাংলা ফিন্যান্স এবং সন্ধানী লাইফ ইনস্যুরেন্স।