সারা দেশে এক বছরে ১৯২ উদ্যোক্তা গড়ে তোলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে আগামী এক বছরে ১৯২ জন শিল্পোদ্যোক্তা গড়ে তুলবে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। সংগঠনের নতুন সভাপতি আবদুল মাতলুব আহমাদ দায়িত্ব নিয়েই এমন ঘোষণা দিয়েছেন।
এফবিসিসিআইয়ের সভাপতি বলেছেন, ‘এখনকার সব শিল্পই ঢাকা ও চট্টগ্রামকেন্দ্রিক। সে কারণে আমরা চাই, সারা দেশেই শিল্প গড়ে উঠুক। কিন্তু এটা না হওয়ার বড় কারণ হলো উদ্যোক্তা না তৈরি হওয়া। তাই আমরা প্রথম বছরে ৬৪ জেলায় তিনজন করে শিল্পোদ্যোক্তা গড়ে তুলব। আগামী বছর তিনজনের জায়গায় হবে নয়জন। এরপর নয়জনের জায়গায় হবে ৮১ জন। ...এফবিসিসিআই বাংলাদেশকে শিল্পায়িত করবে।’
এফবিসিসিআইয়ের ২২তম সভাপতির দায়িত্ব পেয়ে ঢাকার মতিঝিলের ফেডারেশন ভবনের সম্মেলনকক্ষে গতকাল রোববার সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন মাতলুব আহমাদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নতুন দুই সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ও মাহবুবুল আলমসহ অন্য পরিচালকেরা। উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, দুই সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও হেলাল উদ্দিন।
বর্তমান কমিটির প্রধান অগ্রাধিকার হলো ব্যাংকঋণের সুদহার কমিয়ে আনা—এমনটাই জানালেন মাতলুব আহমাদ। বলেন, ‘ব্যাংকের সুদের হারের কারণে আমরা মরে যাচ্ছি। তাই আমাদের প্রধান কাজ হলো সুদের হার ৯ শতাংশে নামিয়ে আনা।’
এক প্রশ্নের জবাবে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘আমরা নিজেরা নিজেদের নিয়ন্ত্রণ করলেই তো সুদের হার কমে যায়। একজন ব্যাংকের মালিক আমাকে বলেছেন, কখনোই তিনি বছরে ব্যাংক থেকে ২০ কোটি টাকার বেশি মুনাফা করতে পারেননি। কিন্তু বছরে তিনি সুদ দেন ৫০০ কোটি টাকা। সুদের হার কমলে তাঁর ১০০-১৫০ কোটি টাকা বেঁচে যাবে।’
এফবিসিসিআইয়ের নতুন নেতৃত্বের কাছে আরেক অগ্রাধিকার হলো ব্যবসায়ীদের জন্য সহনশীল করব্যবস্থার জন্য কাজ করা।
ফেডারেশন ভবনে আজ সোমবার নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম জরুরি সভা অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে সভাপতি বলেন, ‘সভায় একটিই এজেন্ডা, এফবিসিসিআইয়ের সংস্কার। আমার ইশতেহারে কিন্তু সরাসরি ভোটের বিষয়টি ছিল না। তবু আমি এটা করার চেষ্টা করব। আপনারা যেভাবে চাইবেন, সেভাবেই হবে।’
এর আগে মাতলুব আহমাদের হাতে আনুষ্ঠানিকভাবে এফবিসিসিআইয়ের দায়িত্ব হস্তান্তর করেন কাজী আকরাম।