ভবিষ্যৎ করদাতা সৃষ্টি ও শিক্ষার্থীদের কর ও মূল্য সংযোজন কর (মূসক) বিষয়ে ধারণা দিতে কর শিক্ষণ ফোরাম ও ভ্যাট শিক্ষণ ফোরাম পদ্ধতি তৈরি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ফোরাম সারা দেশে ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে গতকাল মঙ্গলবার শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী আলোচনা, প্রশ্নোত্তর ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে এনবিআর। রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও উন্নয়ন মেলা ২০১৭ উপলক্ষে এ অনুষ্ঠানমালা হয়। এদিন সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম স্কাইপ ব্যবহার করে ভিডিও কলের মাধ্যমে ফোরামের উদ্বোধন করেন এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চবিদ্যালয়ের পাশাপাশি প্রথমবারের মতো ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবকসহ তিন শতাধিক ব্যক্তি এতে অংশ নেন। এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘এনবিআরের এ ফোরাম দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এ ফোরামের আহ্বায়ক ও এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান বিভাগের মহাপরিচালক বেলাল হোসাইন।