
দেশে পাটের বস্তার ব্যবহার বাড়াতে পূর্বঘোষণা অনুযায়ী গতকাল সোমবার দেশব্যাপী অভিযান শুরু করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সারা দেশে পরিচালিত ১৬০টি ভ্রাম্যমাণ আদালত পাটের বস্তা ব্যবহার না করার অভিযোগে ব্যবসায়ীদের ১১ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন।
অভিযানে রংপুরসহ কয়েকটি স্থানে প্লাস্টিকের ব্যাগ পুড়িয়ে ফেলা হয়। বিপুল পরিমাণ ব্যাগ জব্দও করা হয়েছে।
২০১০ সালের পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অনুযায়ী, ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনির মোড়কীকরণে পাটের বস্তা ব্যবহার করা বাধ্যতামূলক। তা না করলে এক বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। একই অপরাধ দ্বিতীয়বার করলে দণ্ড হয়ে যাবে দ্বিগুণ। পাট মন্ত্রণালয় বলছে, ছয় পণ্যের মোড়কে শতভাগ পাটের বস্তার ব্যবহার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে।
ঢাকার অভিযানে মন্ত্রী: ঢাকার কারওয়ান বাজার ও বাদামতলী চালের আড়তে গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। অভিযানে উপস্থিত ছিলেন পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। সঙ্গে ছিলেন বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান হুমায়ূন খালেদ ও পাট অধিদপ্তরের মহাপরিচালক মুয়াজ্জেম হোসাইন। মন্ত্রী ঘুরে ঘুরে বিভিন্ন দোকানে বিপণন এবং মজুত পরিস্থিতি জানতে চান। এ সময় চাল বিপণনে পাটের বস্তার বদলে পলিথিন ব্যাগ ব্যবহার করায় কয়েকটি দোকানকে জরিমানা করা হয়।
এ সময় মির্জা আজম সাংবাদিকদের জানান, পাটের বস্তার বিকল্প ব্যবহারের পরিমাণ তিনি খুব কমই পেয়েছেন। ব্যবসায়ীরা তাঁকে কথা দিয়েছেন, নতুন করে আর পলিথিন ব্যবহার করবেন না তাঁরা। প্রথম দিন বলে জরিমানা কম আদায় করা হয়েছে।
দেশব্যাপী অভিযান: পাবনার ঈশ্বরদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের অভিযোগে ছয়টি চালকল ও ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন।
নাটোরের কানাইখালী চালপট্টি এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এক চাল ব্যবসায়ীকে পাটের বস্তা ব্যবহার না করায় পাঁচ হাজার টাকা জরিমানা করেন। সদর উপজেলার ডাল সড়ক এলাকার দুটি চালকলকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নওগাঁয় পাঁচটি চালকলের মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সদরের অটোমেটিক ও হাসকিং চালকলগুলোতে অভিযান চালানো হয়।
বস্তা নেই, বের হচ্ছে না চালের ট্রাক: কুষ্টিয়ার খাজানগর এলাকা থেকে গতকাল হাতে গোনা কয়েকটি চালবোঝাই ট্রাক বের হয়েছে। চালকলের মালিকদের দাবি, পর্যাপ্ত পরিমাণ বস্তা না পাওয়ায় তাঁরা ট্রাক বোঝাই করতে পারেননি।
বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, প্রতিদিন খাজানগর এলাকার ৩৫০টি মিল থেকে দেশের বিভিন্ন জেলায় প্রায় ২০০ ট্রাক চাল বোঝাই হয়ে বের হয়। সেখানে গতকাল গেছে মাত্র ১০-১৫ ট্রাক। বগুড়ার দুপচাঁচিয়ায় ব্যবসায়ীরা পাটের ব্যাগ না পেয়ে তিন দিন ধরে মোকাম থেকে কোনো চালই সরবরাহ করতে পারেনি।
অনেক চালকল ছিল বন্ধ: কুষ্টিয়ার খাজানগরে গতকাল অধিকাংশ চালকলই বন্ধ দেখা যায়। একই চিত্র পাবনার ঈশ্বরদীর আইকে সড়কেও। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর সময় এখানকার গুদাম ও ব্যবসাপ্রতিষ্ঠানের অধিকাংশই বন্ধ পাওয়া যায়।
পাটের ব্যাগের দাম দ্বিগুণ: বগুড়ার দুপচাঁচিয়ার ব্যবসায়ীদের অভিযোগ, এক মাসের ব্যবধানে পাটের বস্তার দাম এখন দ্বিগুণ। এতে চালের দামও বেড়ে যাবে বলে আশঙ্কা তাঁদের। গৌতম রাইচ মিলের মালিক গৌতম বসাক বলেন, এক মাস আগে ৫০ কেজির একটি বস্তার দাম ছিল ২৭ টাকা। এখন কিনতে হচ্ছে ৫৮ টাকায়।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন কুষ্টিয়া অফিস, ঈশ্বরদী প্রতিনিধি, নাটোর প্রতিনিধি, নওগাঁ প্রতিনিধি, দুপচাঁচিয়া প্রতিনিধি}