সারা দেশে ব্যবসায়ীদের মানববন্ধন ৩০ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্য সংযোজন কর (মূসক) আইন সংশোধনের দাবিতে ব্যবসায়ীদের ডাকা মানববন্ধন কর্মসূচি পিছিয়েছে। আজ বুধবার এটি পালিত হওয়ার কথা ছিল। এখন সেটির তারিখ পিছিয়ে ৩০ মে নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়ী ঐক্য ফোরামের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাল বৃহস্পতিবার একটি ব্যবসায়ী প্রতিনিধিদল জাপান সফরে যাবে। এ কারণে কর্মসূচির তারিখ পরিবর্তন করা হয়েছে।
ফোরামের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, ৩০ মে সারা দেশে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করা হবে। আজ বুধবার যে কর্মসূচি পালিত হওয়ার কথা ছিল, সেটি ছিল শুধু ঢাকাকেন্দ্রিক।
আগামী ২০১৬-১৭ অর্থবছর থেকে সরকার মূসক আইন কার্যকর করতে চায়। কিন্তু এ আইনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের যৌথ কমিটির সাত দফা সুপারিশ এবং প্যাকেজ মূসক-ব্যবস্থা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। এ দাবিতে ঢাকা দক্ষিণ ব্যবসায়ী ফোরাম ১৪ মে এক সংবাদ সম্মেলন করে ‘মানববন্ধন কর্মসূচি’র ঘোষণা দেয়।
এদিকে ঘোষিত কর্মসূচি নিয়ে গতকাল মঙ্গলবার মতিঝিলে এফবিসিসিআইয়ের কার্যালয়ে ব্যবসায়ীদের একটি সভা অনুষ্ঠিত হয়। এতে কর্মসূচি পেছানো ও ৩০ মে সারা দেশে মানববন্ধন করার সিদ্ধান্ত হয়।
সভায় এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. শফিউল ইসলাম, সাবেক সহসভাপতি মো. জসিম উদ্দিন, মো. হেলাল উদ্দিন, মোহাম্মদ আলীসহ বেশ কয়েকজন পরিচালক ও বিভিন্ন পণ্যভিত্তিক ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভা ও কর্মসূচির বিষয়ে ঢাকা দক্ষিণ ব্যবসায়ী ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব প্রথম আলোকে বলেন, এবার কর্মসূচি যেহেতু সারা দেশে পালিত হবে, সেহেতু এটি ঢাকা দক্ষিণ ব্যবসায়ী ফোরামের বদলে ব্যবসায়ী ঐক্য ফোরামের ব্যানারে আয়োজন করা হবে। তিনি বলেন, ৩০ মে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত সারা দেশের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করবেন। এ বিষয়ে আরেকটি সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান ওই ব্যবসায়ী নেতা। তিনি এ-ও জানান, ৩০ মের কর্মসূচির পরও দাবি না মানা হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মূসক আইন বাস্তবায়নের আগে প্যাকেজ মূসক বহাল রাখা ছাড়াও ব্যবসায়ীদের আরও কিছু দাবি রয়েছে। এগুলো হলো ক্ষুদ্র ও কুটির শিল্পের উৎপাদন পর্যায়ে ৩৬ লাখ টাকা থেকে দেড় কোটি টাকা পর্যন্ত লেনদেন কর ৩ শতাংশ রাখা, উপকরণ কর রেয়াত নিতে অসমর্থ প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন ২৬ দশমিক ৬৭ শতাংশ ধরে তার ওপর ১৫ শতাংশ, অর্থাৎ সরবরাহ মূল্যের ওপর ৪ শতাংশ হারে মূসক আরোপ। ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) ও পয়েন্ট অব সেলস (পিওএস) ব্যবহার করে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়কারীদের ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন ১৩ দশমিক ৩৩ শতাংশ ধরে ১৫ শতাংশ, অর্থাৎ বিক্রয় পর্যায়ে ২ শতাংশ হারে মূসক আরোপের ব্যবস্থা করা—ইত্যাদি।