সারের জোগান সময়মতো দেওয়ার আহ্বান
খাদ্যনিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট সময়ে ইউরিয়া সার সরবরাহ করে নিরবচ্ছিন্ন কৃষি উৎপাদনে সহায়তা দিতে সার সরবরাহকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। গতকাল রোববার রাজধানীর বিসিআইসির সম্মেলনকক্ষে আন্তর্জাতিক বাজার থেকে ইউরিয়া সার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।বৈঠকে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, বিসিআইসির চেয়ারম্যান মো. গোলাম রব্বানী, শিল্প মন্ত্রণালয় ও বিসিআইসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সার সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।বৈঠকে সার সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নাগরিক দায়িত্বের অংশ হিসেবে নির্ধারিত সময়ে সার সরবরাহের ক্ষেত্রে সরকারকে সাধ্যমতো সহায়তার আশ্বাস দেন। তারা সরকারের কাছে তাদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের অনুরোধ করেন।