সারের ভর্তুকি ও পাওনা টাকার দাবিতে ফরিদপুর চিনিকলে প্রতীকী অনশন
এমওপি সারে ভর্তুকি ও কল্যাণ সংস্থার পাওনা টাকা প্রদান, ফ্রেসমাট সারের (জৈব সার) মণ ১০ টাকা, আখের মণ ১০০ টাকায় নির্ধারণ করাসহ ১১ দফা দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে ফরিদপুর চিনিকল আখচাষি কল্যাণ সমিতি।মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের গেটে শনিবার বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত এ কর্মসূচি পালন করে আখচাষিরা। বাংলাদেশ চিনিকল আখচাষি কল্যাণ ফেডারেশনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক আখচাষি যোগ দেন।ফরিদপুর আখচাষি চিনিকল কল্যাণ সমিতির সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরী সদস্য মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।বক্তারা বলেন, সরকার আগামী ২৩ জানুয়ারির মধ্যে টিএসপি সারের ভর্তুকি না দিলে ২৪ জানুয়ারি চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় ঘেরাও করা হবে। তাঁরা আরও বলেন, আগামী আখ মাড়াই মৌসুমের আগে আখের মূল্য মণপ্রতি ১০০ টাকা ধার্য করা না হলে চিনিকলে আখ সরবরাহ করা হবে না।দুপুর একটার দিকে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কমল কান্তি সরকার অনশনকারীদের আখের রস পান করিয়ে অনশন ভাঙান।